চট্টগ্রাম মডেল স্কুলে মা সমাবেশ অনুষ্ঠিত: শিক্ষার মানোন্নয়নে মায়েদের সক্রিয় ভূমিকার আহ্বান
সৈয়দ মোহাম্মদ কায়সার, চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
চট্টগ্রাম মডেল স্কুলে এক ব্যতিক্রমধর্মী ও তাৎপর্যপূর্ণ “মা সমাবেশ” অনুষ্ঠিত হয়েছে। সমাবেশটির মূল প্রতিপাদ্য ছিল— “শিক্ষার মানোন্নয়নে মায়েদের ভূমিকা”।
সমাবেশে বক্তারা বলেন, একটি শিশুর প্রাথমিক শিক্ষার ভিত্তি গড়ে ওঠে পরিবার থেকেই, বিশেষ করে মায়ের কাছ থেকে। সন্তানের পড়াশোনা, আচরণ, শৃঙ্খলা ও মানসিক বিকাশে মায়েদের সচেতন ও সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আরও বলেন, বর্তমান শিক্ষাব্যবস্থার পরিবর্তিত কারিকুলাম, পাঠ্যপুস্তক, প্রশ্নপদ্ধতি ও মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে অভিভাবকদের অবগত থাকা জরুরি।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক এম নজরুল ইসলাম খান। তিনি বলেন, “শিক্ষার মান উন্নয়নে শুধু শিক্ষক নয়, অভিভাবক ও পরিচালনা পর্ষদের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। শিশুদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা, শারীরিক সুস্থতা বজায় রাখা এবং নিরাপদ পরিবেশে বড় করে তোলার জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, বর্তমানে হামের প্রাদুর্ভাব, ডেঙ্গু ও ম্যালেরিয়ার মতো রোগ থেকে শিশুদের সুরক্ষিত রাখতে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি জরুরি। এ জন্য পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, মশা-মাছি নিয়ন্ত্রণ এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
সমাবেশটি সঞ্চালনা করেন সিনিয়র সহকারী শিক্ষক মোঃ ইলিয়াছ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুমানা পারভীন, কণিকা দাস, মেহেদী হাসান ছোটন, সুপন দেবনাথ, মমিনুল হক, সানজিদা আক্তার, মমিনা বেগমসহ আরও অনেকে। বিপুল সংখ্যক অভিভাবক, বিশেষ করে মায়েরা, স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক ইয়াসমিন ইসলাম। সমাপনী বক্তব্যে তিনি উপস্থিত সকল মায়েদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।