শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

চেয়ারম্যানের বিরুদ্ধে নোংরা ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে হারুয়ালছড়িতে জনতার ঢল

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের সর্ববৃহৎ উপজেলা ফটিকছড়িকে বিভক্ত করে প্রস্তাবিত ‘উত্তর ফটিকছড়ি’ উপজেলা গঠন প্রক্রিয়ায় হারুয়ালছড়ি ইউনিয়নকে অন্তর্ভুক্ত করার দাবিতে এবং ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে এক বিশাল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) বিকেলে হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত এই সভায় ইউনিয়নের সর্বস্তরের হাজারো মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। সভায় বক্তারা প্রশাসনিক বিকেন্দ্রীকরণের প্রয়োজনীয়তা তুলে ধরার পাশাপাশি স্থানীয় চেয়ারম্যানের বিরুদ্ধে একটি মহলের ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানান।

সভায় বক্তারা বলেন, ফটিকছড়ি একটি বিশাল জনপদ হওয়ায় উত্তরের ইউনিয়নগুলোর সাধারণ মানুষ দীর্ঘকাল ধরে কাঙ্ক্ষিত নাগরিক সেবা থেকে বঞ্চিত। দূরত্ব ও দুর্ভোগের কারণে প্রশাসনিক সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছাচ্ছে না। এমতাবস্থায় ভূজপুরকে কেন্দ্র করে ‘উত্তর ফটিকছড়ি’ উপজেলা গঠিত হলে হারুয়ালছড়িসহ পার্শ্ববর্তী ইউনিয়নগুলোর আর্থ-সামাজিক চিত্র বদলে যাবে এবং মানুষ সহজেই সরকারি সুযোগ-সুবিধা ভোগ করতে পারবে।

এদিকে, হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরীর বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চালানো অপপ্রচারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় এলাকাবাসী। বক্তারা অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল চেয়ারম্যানের উন্নয়নমূলক কর্মকাণ্ডে ঈর্ষান্বিত হয়ে এবং ব্যক্তিগত ফায়দা হাসিলের উদ্দেশ্যে অনলাইনে ভিত্তিহীন ও মানহানিকর তথ্য ছড়াচ্ছে। বক্তারা স্পষ্ট জানান, চেয়ারম্যানের জনপ্রিয়তা ও সততাকে প্রশ্নবিদ্ধ করতে যারা এই ‘নোংরা খেলায়’ মেতেছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল মুজিবুর রহমানের সভাপতিত্বে এবং অ্যাডভোকেট মীর মোঃ ফেরদৌস আলম সেলিমের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন নাজিরহাট কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক মোহাম্মদ হামিদুল্লাহ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক প্রফেসর মোঃ নাজিমুল করিম, চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালের পরিচালক ডা. আহমদ রহিম, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ জয়নাল আবেদীন চৌধুরী, সমাজসেবক মোহাম্মদ আব্দুর রহিম এবং ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ড সদস্যবৃন্দ।

সভায় উপস্থিত সাধারণ জনতা প্রস্তাবিত নতুন উপজেলা বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার করেন এবং উন্নয়ন ধারা ব্যাহত করতে অপপ্রচার চালানো ষড়যন্ত্রকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান জানান।

ক্যাটাগরি