শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অর্থনীতি

ইয়ংওয়ান এক্সিলেন্স স্কলারশিপ প্রদান: দেশে তেলের সংকট নেই, শিগগিরই নতুন সিদ্ধান্ত — অর্থমন্ত্রী আমির খসরু

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে এখনও তেলের কোনো সংকট তৈরি হয়নি। তবে উচ্চ মূল্যে তেল ও গ্যাস দীর্ঘদিন চালিয়ে যাওয়া সম্ভব কি না, তা নিয়ে সরকার ভাবছে এবং এ বিষয়ে শিগগিরই নতুন সিদ্ধান্ত আসতে পারে।

শুক্রবার চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ইপিজেড এলাকায় ইয়ংওয়ান কর্পোরেশনের মিলনায়তনে আয়োজিত “ইয়ংওয়ান-চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) একাডেমিক এক্সিলেন্স স্কলারশিপ প্রোগ্রাম” এর আওতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশে এখনো বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের মধ্যে কাঙ্ক্ষিত সমন্বয় গড়ে ওঠেনি, যা শিক্ষা ও গবেষণার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। উন্নত দেশগুলোর বিশ্ববিদ্যালয়গুলো শিল্পখাতের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে, ফলে শিক্ষার মান ও গবেষণা উভয়ই সমৃদ্ধ হয়।

তিনি আরও বলেন, দেশে সাধারণ শিক্ষার প্রতি অতিরিক্ত ঝোঁকের কারণে অনেক শিক্ষিত মানুষ বেকার থাকছেন। তাই প্রযুক্তিনির্ভর শিক্ষায় গুরুত্ব বাড়াতে হবে, যাতে শিক্ষার্থীরা দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ পায়।

বর্তমান বিশ্বে প্রযুক্তিগত অগ্রগতির প্রসঙ্গ তুলে ধরে মন্ত্রী বলেন, যে দেশ প্রযুক্তিতে এগিয়ে থাকবে, তারাই ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবে। এ জন্য বিশ্ববিদ্যালয়গুলোকে পাঠ্যক্রমে প্রযুক্তিভিত্তিক বিষয় অন্তর্ভুক্ত করতে হবে।

জ্বালানি খাত নিয়ে তিনি বলেন, বৈশ্বিক তেলের সংকট শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশকে প্রভাবিত করছে। দেশের অধিকাংশ জ্বালানি মধ্যপ্রাচ্য থেকে আমদানি হওয়ায় সরকার আন্তর্জাতিক পর্যায়ে যোগাযোগ অব্যাহত রেখেছে। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এখন সবচেয়ে বড় অগ্রাধিকার।

সংকট মোকাবিলায় সাশ্রয়ী ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সরকার থেকে শুরু করে সাধারণ মানুষ—সবাইকে জ্বালানি ব্যবহারে সচেতন হতে হবে।

পুঁজিবাজার প্রসঙ্গে মন্ত্রী জানান, বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করা হবে এবং ব্যাংক ঋণনির্ভর বিনিয়োগের পরিবর্তে পুঁজিনির্ভর বিনিয়োগকে উৎসাহ দেওয়া হবে।

অনুষ্ঠানে মন্ত্রী এবং ইয়ংওয়ান কর্পোরেশন ও কোরিয়ান ইপিজেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সিইও কিহাক সুং শিক্ষার্থীদের হাতে স্কলারশিপ সনদ তুলে দেন।

সিআইইউ-এর উপাচার্য অধ্যাপক ড. এম এম নুরুল আবসারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কোরিয়ান ইপিজেডের ব্যবস্থাপনা পরিচালক কর্ণেল (অব.) মোহাম্মদ শাহজাহান। এছাড়া বক্তব্য রাখেন ইয়ংওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান কিহাক সুং, সিআইইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান লুৎফি এম আইয়ুব ও সদস্য সৈয়দ মাহমুদুল হকসহ অন্যান্যরা।

উল্লেখ্য, ইয়ংওয়ান কর্পোরেশন ও সিআইইউ’র মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় শিক্ষার্থীদের জন্য বাৎসরিক স্কলারশিপ হিসেবে ১ কোটি ৯ লাখ ৬০ হাজার টাকা প্রদান করা হয়েছে। এ কর্মসূচির আওতায় প্রকৌশল ও ব্যবসায় অনুষদের মোট ১৬ জন শিক্ষার্থীকে বাছাই করে স্কলারশিপ প্রদান করা হয়।

ক্যাটাগরি