বিএনপিকে শান্তিপূর্ণ ও সহনশীল রাজনীতির আহ্বান: জামায়াতের ঈদ পুনর্মিলনীতে নজরুল ইসলাম
বাবুল হোসেন বাবলা,চট্টগ্রাম।
নগরীর ইপিজেড থানাধীন ৩৯ নম্বর দক্ষিণ হালিশহর ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিএনপিকে শান্তিপূর্ণ ও সহনশীল রাজনীতি করার আহ্বান জানিয়েছেন নগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য নজরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইরানে যুদ্ধের অজুহাতে দেশে কৃত্রিম তেল সংকট সৃষ্টি করে যারা অপরাজনীতি করছে, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এ ধরনের কর্মকাণ্ড নিরীহ জনগণের স্বাভাবিক জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন,দ্রুত আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে গণভোট ও জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে সকলকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের ব্যত্যয় ঘটলে জামায়াতে ইসলামী জনগণকে সঙ্গে নিয়ে আবারও মাঠে নামবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
ওয়ার্ড জামায়াতের আমির মোঃ ওসমান গণির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল আরিফের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক এমপি প্রার্থী ও ৩৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব শফিউল আলম, ইপিজেড থানা জামায়াতের আমির মুহাম্মদ আবুল মোকাররম, ৩৯ নম্বর ওয়ার্ড জামায়াতের কাউন্সিলর প্রার্থী ও শিক্ষাবিদ সংগঠক মোহাম্মদ সাহেদ, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী হাজী মোহাম্মদ মুজিবুল হক বকুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ার্ড জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, যুব জামায়াত ও ছাত্র শিবিরের সদস্যরা।
আলোচনা সভা শেষে সন্ধ্যায় দেশ সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ইসলামী সংগীত পরিবেশিত হয়।