রাজশাহীকে নতুনভাবে সাজাতে চাই: রাসিক প্রশাসক
মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেছেন, রাজশাহী মহানগরীকে আরও আধুনিক ও সুন্দর নগরীতে রূপান্তর করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
বৃহস্পতিবার নগর ভবনের সরিৎ দত্তগুপ্ত নগর সভাকক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের চলমান উন্নয়ন কাজ অবহিতকরণ বিষয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “রাজশাহী এমনিতেই একটি সুন্দর শহর। এটিকে আরও নান্দনিকভাবে গড়ে তুলতে চাই। সরকারের নির্দেশনা ও আইনের আলোকে সবার সহযোগিতায় নগরীকে নতুনভাবে সাজানো হবে।”
প্রশাসক আরও বলেন, “নাগরিক সেবাই আমাদের মূল দায়িত্ব। দলমত নির্বিশেষে সবার জন্য সমানভাবে সেবা নিশ্চিত করতে হবে। দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে প্রতিষ্ঠান হিসেবে সুনাম অর্জন করতে হবে।”
নগর উন্নয়ন পরিকল্পনার বিষয়ে তিনি জানান, নাগরিক সুবিধা বাড়াতে নগরীর ৩০টি ওয়ার্ডে রাস্তা ও ড্রেন নির্মাণ করা হবে। এছাড়া আগামী ৯০ দিনের মধ্যে চলমান উন্নয়ন কাজগুলো নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি অসমাপ্ত প্রকল্পগুলো দ্রুত শেষ করা, কাজের গুণগত মান বজায় রাখা এবং উন্নয়ন কার্যক্রমের গতি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
সভায় সভাপতিত্ব করেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম। এতে চলমান উন্নয়ন প্রকল্পগুলোর বিস্তারিত তথ্য উপস্থাপন করেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ।
এসময় উপস্থিত ছিলেন রাসিকের সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান ইমন, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামানসহ প্রকৌশল বিভাগের অন্যান্য কর্মকর্তারা।