সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয়

বীর মুক্তিযোদ্ধা ইউ কে চিংয়ের নামে পাড়ার নামকরণের দাবি

পার্বত্য চট্টগ্রামের প্রখ্যাত ব্যক্তিত্ব ও বীর মুক্তিযোদ্ধা ইউ কে চিং (বীর বিক্রম)-এর স্মৃতিকে সংরক্ষণ করতে তাঁর নামে একটি পাড়ার নামকরণের দাবি জানিয়েছে সিএইচটি সম্প্রীতি জোট।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সংগঠনটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার থোয়াইচিং মং চাক এই দাবি উত্থাপন করেন।

তিনি বলেন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে পার্বত্য অঞ্চলের জাতিগোষ্ঠীগুলোর অবদান অত্যন্ত গৌরবময়। আর সেই ইতিহাসে অন্যতম উজ্জ্বল নাম ইউ কে চিং। তাঁর আত্মত্যাগ, বীরত্ব ও দেশপ্রেম নতুন প্রজন্মের কাছে তুলে ধরা বর্তমান সময়ের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব।

তিনি আরও বলেন, ইউ কে চিংয়ের নামে একটি পাড়া নামকরণ করা হলে তা শুধু তাঁর প্রতি সম্মান প্রদর্শনই হবে না, বরং পার্বত্য অঞ্চলে বসবাসরত বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও দেশপ্রেমের বন্ধন আরও সুদৃঢ় হবে।

ইঞ্জিনিয়ার থোয়াইচিং মং চাক উল্লেখ করেন, সিএইচটি সম্প্রীতি জোট সবসময় পাহাড়ি অঞ্চলের উন্নয়ন ও বীর সন্তানদের যথাযথ মর্যাদা প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। ইউ কে চিংয়ের নামে নামকরণের এই দাবি স্থানীয় জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা বলেও তিনি জানান।

তিনি পার্বত্য চট্টগ্রামের স্থানীয় প্রশাসন ও সরকারের সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দ্রুত এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা উচিত।

ক্যাটাগরি