বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয়

প্রধানমন্ত্রীর সফরে সোচ্চার হওয়ার প্রস্তুতি ইসকন অনুসারীদের, জে এম সেন হলে সর্বোচ্চ সতর্কতা

হাবিবুর রশিদ হিমন:
প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম সফরকে ঘিরে যখন বন্দরনগরীতে উৎসবের আমেজ, ঠিক তখনই নিরাপত্তা সংস্থাগুলোর কপালে দুশ্চিন্তার ভাঁজ। রহমতগঞ্জের ঐতিহাসিক জে এম সেন হলের দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী যাওয়ার কথা রয়েছে। তবে শুভেচ্ছা বিনিময়ের এই মঞ্চকেই প্রতিবাদ জানানোর নতুন কৌশল হিসেবে বেছে নেওয়ার পরিকল্পনা করছে কারাবন্দি চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীরা।

গোয়েন্দা সূত্রের খবর অনুযায়ী, ইসকনের একটি অংশ প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই মণ্ডপের সামনের সারিতে অবস্থান নিয়ে চিন্ময়কৃষ্ণের মুক্তির দাবিতে প্ল্যাকার্ড প্রদর্শন ও সোচ্চার হওয়ার প্রস্তুতি নিচ্ছে। এ লক্ষ্যে শত শত অনুসারীকে সেখানে সমবেত করার জোড়াতালি চেষ্টা চলছে। যদিও বিক্ষোভের চূড়ান্ত নীল নকশা ও অংশগ্রহণকারীর সুনির্দিষ্ট সংখ্যা সম্পর্কে স্বাধীনভাবে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

তবে এই গুঞ্জনে প্রধানমন্ত্রীর সফরস্থলের শান্তিশৃঙ্খলা রক্ষা এবং বাড়তি রাজনৈতিক চাপ সামলাতে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে।

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের সাবেক মুখপাত্র ও চট্টগ্রাম ইসকনের অন্যতম সংগঠক চিন্ময়কৃষ্ণ দাস (চন্দন কুমার ধর) ২০২৪ সালের ২৫ অক্টোবর নিউমার্কেট মোড়ের সনাতনী সমাবেশে জাতীয় পতাকা অবমাননার মামলায় প্রথম আলোচনায় আসেন। স্বাধীনতা স্তম্ভে জাতীয় পতাকার ওপর গেরুয়া পতাকা টাঙানোর অভিযোগে কোতোয়ালি থানায় দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় ওই বছরের ২৫ নভেম্বর ঢাকা বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

পরদিন ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে চিন্ময়ের জামিন নামঞ্জুরকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘাত ছড়িয়ে পড়ে। ওই দিনেই আদালত চত্বরের কাছে নির্মমভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয় তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে।

চিন্ময়কৃষ্ণ দাসের বিরুদ্ধে বর্তমানে মোট ছয়টি ফৌজদারি মামলা বিচারাধীন রয়েছে। তাঁর আইনজীবী জানান, ছয়টির মধ্যে চারটি মামলায় হাইকোর্ট থেকে জামিন মিললেও তাঁর সার্বিক মুক্তি মিলছে না। কারণ রাষ্ট্রদ্রোহ মামলায় জামিনের ওপর স্থগিতাদেশ বজায় রয়েছে। পাশাপাশি, ২০২৬ সালের ১৯ জানুয়ারি দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় চিন্ময়সহ ৩৯ জনের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার কাজ শুরু করায় তাঁর কারাবাস দীর্ঘায়িত হয়েছে।

হিন্দু সম্প্রদায়ের বড় এই উৎসবে প্রধানমন্ত্রীর আগমন ও জননিরাপত্তা অক্ষুণ্ন রাখতে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জে এম সেন হল ও আশপাশের এলাকাগুলোকে নিছিদ্র নিরাপত্তার চাদরে ঢেকে ফেলেছে।

ক্যাটাগরি