রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

লামা সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের অনুপস্থিতি, শিক্ষকদের মধ্যে ভিন্নমত

নজরুল ইসলাম (লামা, বান্দরবান) প্রতিনিধিঃ

ঈদ পরবর্তী নির্ধারিত ছুটি শেষে বিদ্যালয় খোলা থাকলেও বান্দরবানের লামা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান লামা সরকারি উচ্চ বিদ্যালয়ে উপস্থিত হননি প্রধান শিক্ষক জনাব অরুণ কৃষ্ণ পাল।

সোমবার (৩০ মার্চ ২০২৬) সরেজমিনে বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষকের উপস্থিতি পাওয়া যায়নি। এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কল রিসিভ করেননি।

প্রধান শিক্ষকের অনুপস্থিতি নিয়ে বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যেই দেখা গেছে ভিন্নমত। প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক জনাব নুরুল আবছার জানান, প্রধান শিক্ষক অসুস্থ থাকায় বিদ্যালয়ে উপস্থিত হতে পারেননি। তবে তিনি আনুষ্ঠানিকভাবে ছুটিতে আছেন কিনা, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

অন্যদিকে, বিদ্যালয়ের আরেকজন শিক্ষক জানান, প্রধান শিক্ষক দাপ্তরিক কাজে—বিশেষ করে ফরম ফিলআপ সংক্রান্ত কাজে—অনুপস্থিত রয়েছেন। ফলে একই প্রতিষ্ঠানের শিক্ষকদের বক্তব্যে অসামঞ্জস্য লক্ষ্য করা গেছে।

এ বিষয়ে বিভাগীয় শিক্ষা অফিসারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। প্রধান শিক্ষক ছুটিতে আছেন কিনা, তা খতিয়ে দেখার আশ্বাস দেন তিনি। পাশাপাশি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করার পরামর্শ দেন।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের অনুপস্থিতি এবং এ নিয়ে সংশ্লিষ্টদের ভিন্ন ভিন্ন বক্তব্য প্রশাসনিক সমন্বয়ের ঘাটতির ইঙ্গিত বহন করে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ক্যাটাগরি