কাগজপত্র সঠিক থাকলেই মিলবে তেল; তদারকিতে ইউএনও সাঈদ ইব্রাহিম
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিবেদক | চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে এবং অবৈধ মজুত ও কৃত্রিম সংকট রোধে বিশেষ তদারকি কার্যক্রম শুরু করেছে উপজেলা প্রশাসন। ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ ইব্রাহিম সরাসরি এই অভিযান ও নজরদারি কার্যক্রম পরিচালনা করছেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ফটিকছড়িতে অবস্থিত তেলের পাম্পগুলো এবং খুচরা বাজারে তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষ করে খুচরা বাজারে যেন কেউ তেলের কৃত্রিম সংকট তৈরি করে সাধারণ মানুষকে ভোগান্তিতে না ফেলতে পারে, সেজন্য নিয়মিত অভিযান চালানো হচ্ছে।
অভিযান চলাকালীন পাম্পগুলোতে তেল সংগ্রহ করতে আসা গ্রাহকদের জন্য বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে। এখন থেকে পাম্পে তেল নিতে আসার সময় যানবাহনের বৈধ ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, হালনাগাদ ট্যাক্স টোকেন এবং প্রযোজ্য ক্ষেত্রে ফিটনেস সার্টিফিকেট সাথে রাখতে হবে। যাদের প্রয়োজনীয় নথিপত্র সঠিক থাকবে, কেবল তারাই পাম্প থেকে তেল সংগ্রহ করতে পারবেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ ইব্রাহিম জানান, “জনস্বার্থে এবং জ্বালানি খাতের শৃঙ্খলা বজায় রাখতে এই তদারকি অব্যাহত থাকবে। পাম্পগুলোতে তেলের মজুত ও সরবরাহ পরিস্থিতির ওপর আমাদের কড়া নজরদারি রয়েছে। কেউ নিয়ম অমান্য করলে বা অবৈধ মজুত করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এদিকে, ফটিকছড়িতে তেলের মজুত ও সর্বশেষ আপডেট সাধারণ মানুষকে তাৎক্ষণিকভাবে জানাতে একটি ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করা হয়েছে। গ্রাহকরা fuel.fatikchhari.com লিংকে প্রবেশ করে মুহূর্তের খবর জানতে পারবেন।
প্রশাসনের এই সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তবে হয়রানি এড়াতে পাম্পে আসার সময় সবাইকে প্রয়োজনীয় কাগজপত্র সাথে রাখার অনুরোধ জানানো হয়েছে।