সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন, ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় নিয়ন্ত্রণ
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি:চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে উপজেলার ফৌজদারহাট এলাকার বিএমএ গেট সংলগ্ন রেললাইনে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ট্রেনটির পাওয়ার কারে প্রথমে আগুনের সূত্রপাত হয় এবং পরে তা সংলগ্ন একটি শীতাতপ নিয়ন্ত্রিত বগিতে ছড়িয়ে পড়ে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের এক কর্মকর্তা জানান, কুমিরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে কাজ করে এবং কিছু সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।