ঈদের নামাজে আনা যাবে ছাতা-জায়নামাজ, যেসব বস্তু নিষিদ্ধ
আসন্ন ঈদুল ফিতরের প্রধান জামাতকে কেন্দ্র করে জাতীয় ঈদগাহ ময়দানে কয়েক স্তরের নিরাপত্তা বলয় নিশ্চিত করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এবারের জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন। দুই ভিভিআইপির উপস্থিতির কারণে নিরাপত্তা ব্যবস্থায় বিশেষ কড়াকড়ি আরোপ করা হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় ঈদগাহের প্রস্তুতি পরিদর্শন শেষে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার গণমাধ্যমকে এসব তথ্য জানান।
ডিএমপি কমিশনার জানান, নিরাপত্তার স্বার্থে ঈদগাহ ময়দানে প্রবেশের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। মুসল্লিরা কেবল জায়নামাজ, ছাতা ও মোবাইল ফোন সঙ্গে আনতে পারবেন। তবে কোনো ধরনের ব্যাগ বা দাহ্য পদার্থ নিয়ে ঈদগাহে প্রবেশ করা সম্পূর্ণ নিষিদ্ধ।
পুরো ঈদগাহ এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে এবং ওয়াচ টাওয়ারের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হবে। ভারপ্রাপ্ত কমিশনার বলেন, “ঈদগাহের প্রতিটি প্রবেশপথে তল্লাশির ব্যবস্থা থাকবে। নারীদের জন্য থাকছে আলাদা প্রবেশপথ। সবাইকে মূল গেট দিয়ে সুশৃঙ্খলভাবে প্রবেশ করতে হবে।”
বরাবরের মতো জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। তবে আবহাওয়া প্রতিকূল হলে বা বৃষ্টি থাকলে বিকল্প ব্যবস্থা হিসেবে সকাল ৯টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জামাত আয়োজনের প্রস্তুতি রাখা হয়েছে।
উল্লেখ্য, জাতীয় ঈদগাহ ছাড়াও বায়তুল মোকাররমে পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে বাণিজ্য মেলা মাঠেও বিশেষ জামাতের ব্যবস্থা করা হয়েছে।