সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

ফটিকছড়িতে পাহাড় কাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অভিযান, জরিমানা ২ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক, ফটিকছড়ি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট এলাকায় পাহাড় কাটা ও অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৯ মার্চ) পৃথক দুটি স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করে দুই ব্যক্তিকে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম।

অভিযান সূত্রে জানা যায়, নারায়ণহাট ইউনিয়নের পঞ্চবটী চা বাগান সংলগ্ন ইদিলপুর এলাকায় অবৈধভাবে টিলা কেটে মাটি অপসারণ করা হচ্ছিল। খবর পেয়ে সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় টিলা কাটার দায়ে সুমন নামে এক ব্যক্তিকে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা করা হয়।

একই দিনে নারায়ণহাটের কুলালপাড়া এলাকায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে আরেকটি অভিযান চালানো হয়। নদীর স্বাভাবিক ভারসাম্য নষ্ট করে বালু উত্তোলনের দায়ে এরশাদ নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষায় ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে সঙ্গীয় ফোর্সসহ উপস্থিত ছিলেন।

ফটিকছড়িতে যোগদানের পর থেকেই অবৈধ বালু উত্তোলন ও কৃষিজমির উপরিভাগের মাটি সংরক্ষণে কঠোর অবস্থান নিয়েছেন ইউএনও সাঈদ মোহাম্মদ ইব্রাহীম। তাঁর ধারাবাহিক অভিযানের ফলে অবৈধ কারবারিদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এ বিষয়ে ইউএনও সাঈদ মোহাম্মদ ইব্রাহীম বলেন, “অবৈধভাবে মাটি কাটা ও নদী থেকে বালু উত্তোলনের ফলে পরিবেশের অপূরণীয় ক্ষতি হচ্ছে। কৃষিজমি ও নদী রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে। কোনোভাবেই পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ড সহ্য করা হবে না।”

ক্যাটাগরি