শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

মীরসরাইয়ে খাল পুনঃখনন কাজের উদ্বোধন, বদলে যাবে কৃষি ও অর্থনীতির চিত্র: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, খাল পুনঃখনন কার্যক্রম বাস্তবায়ন করা গেলে বাংলাদেশের কৃষি ও সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে। তিনি জানান, সব ধরনের হিসাব-নিকাশ করে সরকার বৃহৎ এ কর্মসূচি হাতে নিয়েছে এবং ধাপে ধাপে তা বাস্তবায়ন করা হবে।

চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার মলিয়াইশ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী উদ্যোগে দেশব্যাপী নদী-নালা, খাল ও জলধারা খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন কর্তৃক বামনসুন্দর খাল পুনঃখনন কাজের উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মন্ত্রী বলেন, সরকারের প্রতিটি প্রকল্প যথাযথভাবে ব্যয় নির্ধারণ ও বাজেট বরাদ্দের মাধ্যমে পরিকল্পিতভাবে গ্রহণ করা হয়েছে। দীর্ঘমেয়াদি পরিকল্পনার আলোকে এসব প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি আরও জানান, সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী সারাদেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে আগামী ছয় মাসে প্রায় ১,২০০ কিলোমিটার খাল খননের কাজ সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই বৃহৎ কর্মসূচি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

খাল পুনঃখনন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কৃষি, পরিবেশ ও স্থানীয় অর্থনীতিতে বড় ধরনের ইতিবাচক প্রভাব পড়বে উল্লেখ করে মন্ত্রী বলেন, একটি খালের কাজ সম্পন্ন হলে প্রায় ১৫ হাজার হেক্টর জমি নতুন করে চাষাবাদের আওতায় আসবে এবং প্রায় ৫ হাজার মেট্রিক টন অতিরিক্ত খাদ্য উৎপাদন সম্ভব হবে।

খাল দখলমুক্ত করার বিষয়ে তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে অনেক খাল অবৈধভাবে দখল হয়ে গেছে। ইতোমধ্যে এসব খালের সীমানা নির্ধারণ (ডিমারকেশন) কার্যক্রম শুরু হয়েছে। যেখানে সরকারের মালিকানাধীন খাল রয়েছে, সেখানে কোনো ব্যক্তি বা গোষ্ঠী দখল করে রাখতে পারবে না।

মন্ত্রী আরও বলেন, উন্নয়ন প্রকল্পগুলো স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়ন এবং দুর্নীতির সুযোগ কমিয়ে আনাই সরকারের লক্ষ্য। কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ডের মতো সামাজিক নিরাপত্তা কর্মসূচির পাশাপাশি খাল খনন প্রকল্পও মানুষের জীবনমান উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।

চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য নুরুল আমিন, বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দিন, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের প্রধান প্রকৌশলী সেচ মুহাম্মদ বদিউল আলম সরকার, প্রকল্প পরিচালক মো. নূরুল ইসলাম, চট্টগ্রাম পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খানসহ অন্যান্য অতিথিরা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কৃষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ক্যাটাগরি