শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

চট্টগ্রামে পরিচ্ছন্নতা কর্মীদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ, হস্তান্তর করলেন মেয়র ডা. শাহাদাত হোসেন

হোসেন বাবলা, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নগরীর কাজীর দেউরী ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার হস্তান্তর করেন চসিকের মেয়র ডা. শাহাদাত হোসেন।

এবার চসিকের মোট ৩,২৭০ জন পরিচ্ছন্নতা কর্মী প্রত্যেকে ৫,০০০ টাকা করে ঈদ উপহার পাচ্ছেন। এর আগে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে দেশের ১২টি সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য বরাদ্দকৃত অর্থের চেক সংশ্লিষ্ট মেয়র ও প্রশাসকদের কাছে হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, পরিচ্ছন্নতা কর্মীরাই একটি শহরের সৌন্দর্য ও পরিচ্ছন্নতার মূল চালিকাশক্তি। তারা দিন-রাত পরিশ্রম করে, রোদ-বৃষ্টি উপেক্ষা করে নগরবাসীর জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করেন। তাদের এই অবদানের স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রীর এই উদ্যোগ একটি মানবিক পদক্ষেপ, যা কর্মীদের মনোবল আরও বৃদ্ধি করবে।

তিনি বলেন, চট্টগ্রামকে একটি পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলা চসিকের লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে পরিচ্ছন্নতা কর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শহরের পরিচ্ছন্নতা বজায় রাখা একটি সংবেদনশীল কাজ, যার ওপর পুরো নগরের ভাবমূর্তি নির্ভর করে।

মেয়র আরও জানান, দায়িত্ব গ্রহণের পর থেকে পরিচ্ছন্নতা কার্যক্রমে পরিবর্তন এনে রাতের বেলায় ময়লা অপসারণ জোরদার করা হয়েছে। এতে নগরের সার্বিক পরিচ্ছন্নতা উন্নত হয়েছে। তবে ময়লা পরিবহনের সময় রাস্তায় বর্জ্য পড়ে যাওয়া ও দ্রুতগতির যানবাহনের কারণে দুর্ঘটনার ঝুঁকির বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।

তিনি পরিচ্ছন্নতা কর্মীদের সুরক্ষার জন্য প্রদত্ত ইউনিফর্ম ও সুরক্ষা সামগ্রী নিয়মিত ব্যবহারের আহ্বান জানান এবং বলেন, এসব সরঞ্জাম ব্যবহার করলে যেমন ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত হবে, তেমনি নগরের ভাবমূর্তিও উন্নত হবে।

নগরবাসীর উদ্দেশ্যে মেয়র বলেন, বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়নে চসিক বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে। রিসাইক্লিং, বায়োগ্যাস, গ্রিন ডিজেল ও বিদ্যুৎ উৎপাদনের মতো প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। উন্নত দেশগুলোর মতো বর্জ্যকে সম্পদে রূপান্তরের দিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, নাগরিকদের আর্থিক আপত্তির কারণে বাসা থেকে বর্জ্য সংগ্রহের পূর্ববর্তী উদ্যোগটি বন্ধ করা হলেও এখন থেকে চসিক নিজস্ব ব্যবস্থাপনায় বিনামূল্যে এ কার্যক্রম চালু করবে।

অনুষ্ঠানে মেয়রের একান্ত সহকারী মারুফুল হক চৌধুরী মারুফের সঞ্চালনায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করসহ চসিকের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা।

ক্যাটাগরি