কোতোয়ালী থানা পুলিশের মানবিক উদ্যোগ: পরিত্যক্ত নবজাতক উদ্ধার, চিকিৎসা শেষে নিরাপদ জিম্মায় হস্তান্তর
চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা পুলিশের তৎপরতায় পরিত্যক্ত এক নবজাতক শিশুকে দ্রুত উদ্ধার, চিকিৎসার মাধ্যমে সুস্থ করে আইনি প্রক্রিয়ায় নিরাপদ জিম্মায় প্রদান করা হয়েছে।
সিএমপি’র দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) ও সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী জোন)-এর তত্ত্বাবধানে এই মানবিক কার্যক্রম সম্পন্ন হয়।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে গত ২৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ ভোর ২টা ৩৫ মিনিটে কোতোয়ালী থানাধীন ব্রিজঘাট এলাকায় এস আলম বাস কাউন্টারের বিপরীতে ফুটপাতে একটি খালি স্থানে অভিযান চালায় পুলিশ। সেখানে গামছা ও তোয়ালে জড়ানো অবস্থায় একদিন বয়সী সদ্য জন্ম নেওয়া একটি ছেলে শিশুকে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। পরে শিশুটিকে পুলিশ হেফাজতে নেয়।
শিশুটির শারীরিক অবস্থা দুর্বল থাকায় তাৎক্ষণিকভাবে কোতোয়ালী থানা পুলিশের তত্ত্বাবধানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা গ্রহণের পর প্রায় ২০ দিন পর শিশুটি সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে।
পরবর্তীতে বিজ্ঞ আদালতের মাধ্যমে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শিশুটিকে জেসমিন আক্তার (৩৭), পিতা- আজিজুল হক, স্বামী- মোহাম্মদ আনসারুল, মাতা- আক্তার বানু, সাং- যুগিরহাট, বাদামতল, চিকনন্ডী ইউনিয়ন, হাটহাজারী, চট্টগ্রাম-এর জিম্মায় প্রদান করা হয়।
পুলিশ জানায়, শিশুটির সার্বিক খোঁজখবর নিয়মিতভাবে রাখা হচ্ছে। এই মানবিক উদ্যোগ জনমনে পুলিশের প্রতি আস্থা, ভালোবাসা ও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।