বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

মালয়েশিয়ায় কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় চকরিয়ার নুরুল আবছারের ২য় স্থান অর্জন

নজরুল ইসলাম, লামা, বান্দরবান:

মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় কক্সবাজারের চকরিয়া উপজেলার কৃতী সন্তান এইচ এম নুরুল আবছার দ্বিতীয় স্থান অর্জন করেছেন।

মুসলিম কমিউনিটি মালয়েশিয়ার আয়োজনে রাজধানীর কিংস্টন হোটেলে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। এতে তিনটি দেশের প্রতিযোগীরা অংশ নেন। নুরুল আবছার তাঁর সুমধুর তেলাওয়াতের মাধ্যমে বিচারকদের মুগ্ধ করে দ্বিতীয় স্থান অর্জন করেন।

প্রতিযোগিতার বিচারকের দায়িত্বে ছিলেন হাফেজ আবু রায়হান, জুবাইর আহমদ তাশরীফ এবং আব্দুল কাইয়ুম মোল্লা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেলাঙ্গর জেলার ডেপুটি প্রেসিডেন্ট দাতু শ্রী (ধনকুবের) ড. হাসনিজাল হাসান। বিশেষ অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (লেবার) সিদ্দিকুর রহমান।

জানা গেছে, নুরুল আবছারের বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বমু বিলছড়ি ইউনিয়নে। বর্তমানে তিনি মালয়েশিয়ার ইয়েস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অধ্যয়নরত। এর আগে তিনি মালয়েশিয়ায় বিভিন্ন প্রতিযোগিতায় একাধিক পুরস্কার অর্জন করেছেন এবং বাংলাদেশে সম্মানজনক প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ডও লাভ করেছেন।

স্থানীয়রা নুরুল আবছারের এই সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

ক্যাটাগরি