চট্টগ্রামে ভ্যানচালকদের কাছে চাঁদা দাবির অভিযোগ, আতঙ্কে শ্রমিকরা
চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন আসকার দিঘির উত্তর পাড় এলাকায় ফার্নিচারের মালামাল বহনকারী ভ্যানচালকদের কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় শ্রমিকদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
ভুক্তভোগী ভ্যানচালকদের অভিযোগ, গত ৯ মার্চ বিকেলে শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ হিসেবে পরিচিত শফি মোস্তফার অনুসারী ইব্রাহিম ওরফে ইবুলী তাদের কাছে চাঁদা দাবি করেন। প্রথমে ভ্যানচালকদের কাছ থেকে ৫০ হাজার টাকা দাবি করা হয়।
তবে অসহায় শ্রমিকরা কান্নাজড়িত কণ্ঠে জানান, তারা দিনমজুর মানুষ হওয়ায় এত বড় অঙ্কের টাকা দেওয়া তাদের পক্ষে সম্ভব নয়। পরে ইবুলীর সহযোগী সুমন ৫০ হাজার টাকার পরিবর্তে ১৫ হাজার টাকা দিতে বলে বলে অভিযোগ করেন তারা।
ভুক্তভোগীরা আরও জানান, যাওয়ার সময় তাদের হুমকি দিয়ে বলা হয়— “কাউকে জানালে শফি মোস্তফা গুলি করে মাথার খুলি উড়িয়ে দেবে।”
এ ঘটনার পর থেকে আসকার দিঘির উত্তর পাড় এলাকায় কর্মরত ভ্যানচালকদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। শ্রমিকরা জানান, প্রতিদিন কঠোর পরিশ্রম করে জীবিকা নির্বাহ করা গরিব শ্রমজীবী মানুষের ওপর এ ধরনের চাঁদাবাজি তাদের জীবনে আরও অনিশ্চয়তা তৈরি করছে।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী শ্রমিকরা। গরিব শ্রমজীবী মানুষের রুজির ওপর এ ধরনের চাঁদাবাজি বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।