সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয়

ঈদযাত্রায় রাজধানীসহ দেশজুড়ে আইন-শৃঙ্খলা বাহিনীর বাড়তি নিরাপত্তা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সড়ক, মহাসড়ক, রেল ও নৌপথে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। একই সঙ্গে ফাঁকা হয়ে যাওয়া রাজধানীর নিরাপত্তা জোরদার করা হয়েছে। অতিরিক্ত ভাড়া আদায় ও চাঁদাবাজি ঠেকাতে নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। ঈদের আগে তিন দিন মহাসড়কে পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, ঈদকে সামনে রেখে রাজধানীর প্রবেশপথ, বাস টার্মিনাল ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বিশেষ নিরাপত্তা ও নজরদারি বাড়ানো হয়েছে। যানবাহন পার্কিং বা যত্রতত্র যাত্রী ওঠানামা বন্ধে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। টিকিট কাউন্টারে অতিরিক্ত ভাড়া আদায় রোধে মোবাইল কোর্ট ও গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে।

ঈদযাত্রার সময় যাতে ফিটনেসবিহীন বা লক্কড়-ঝক্কড় গাড়ি রাস্তায় চলাচল করতে না পারে, সে জন্য মোটর ওয়ার্কশপগুলোতেও অভিযান চালানো হচ্ছে। পাশাপাশি পকেটমার ও প্রতারণা ঠেকাতে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছে পুলিশ।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, ঈদকে সামনে রেখে মহাসড়কে যানজট কমানো, দুর্ঘটনা প্রতিরোধ এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। সম্ভাব্য যানজটপূর্ণ এলাকায় অতিরিক্ত টহল, চেকপোস্ট ও মনিটরিং বাড়ানো হয়েছে। পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও যাত্রীদের সহায়তায় কাজ করছেন।

হাইওয়ে পুলিশের প্রধান ও অতিরিক্ত আইজিপি মো. দেলোয়ার হোসেন মিঞা বলেন, ঈদযাত্রাকে স্বস্তিদায়ক করতে পুলিশ সদস্যরা সার্বক্ষণিক প্রস্তুত রয়েছেন। তিনি জানান, ১৮ ও ১৯ মার্চ সড়কে যাত্রীচাপ বাড়তে পারে এবং তা সামাল দিতে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে।

অন্যদিকে পুলিশের মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকির বলেছেন, মহাসড়কে ডাকাতি, ছিনতাই বা চাঁদাবাজির মতো কোনো ঘটনা ঘটতে দেওয়া হবে না। এজন্য হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশকেও দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার জানিয়েছেন, ঈদ উৎসবকে নিরাপদ ও আনন্দঘন করতে রাজধানীর লঞ্চঘাট, বাস টার্মিনাল ও রেলস্টেশনে ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ, ডিবি, সোয়াট, ডগ স্কোয়াড ও অশ্বারোহী পুলিশ মোতায়েন থাকবে।

এদিকে ঈদের দীর্ঘ ছুটিতে রাজধানী অনেকটাই ফাঁকা হয়ে পড়ায় চুরি, ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহল বাড়ানো হয়েছে। ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. এস এন নজরুল ইসলাম বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে মোবাইল টিম ও চেকপোস্টের সংখ্যাও বৃদ্ধি করা হয়েছে।

এ ছাড়া নগদ অর্থ বা স্বর্ণালংকার পরিবহনের ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির মানি এস্কর্ট সার্ভিস ব্যবহারের আহ্বান জানানো হয়েছে এবং প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

ক্যাটাগরি