লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
নজরুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধি:
ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম শুরু হয়েছে। ১৪ মার্চ ২০২৬ তারিখ থেকে প্রতি শনিবার এ কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।
এরই অংশ হিসেবে শনিবার (১৪ মার্চ) লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। এ সময় হাসপাতাল চত্বর, ড্রেন, আশপাশের ঝোপঝাড় এবং সম্ভাব্য মশার প্রজননস্থলগুলো পরিষ্কার করা হয়।
এছাড়া উপস্থিত সবার মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা ও সচেতনতামূলক বার্তা প্রদান করা হয়।
স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। আশপাশে কোথাও তিন দিনের বেশি জমে থাকা পানি যেন না থাকে সেদিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে।
স্বাস্থ্য কর্মকর্তারা বলেন, সবার সম্মিলিত উদ্যোগেই একটি পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলে ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।