বন্দরটিলায় গণ সংহতি আন্দোলনের বর্ধিত সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন ৩৯ নম্বর ওয়ার্ডের বন্দরটিলা এলাকায় গণ সংহতি আন্দোলন ইপিজেড থানা কমিটি সমর্থকদের উদ্যোগে বর্ধিত সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ), পবিত্র ২৩ রমজান বিকেলে বন্দরটিলার একটি রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়।
“পরিবর্তন সম্ভব, পরিবর্তন চাই”—এই স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৈয়দ হাসান মারুফ রুমী, যিনি গণ সংহতি আন্দোলন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য ও বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক।
বিশেষ অতিথি হিসেবে ইপিজেড থানা বিএনপির সাবেক সভাপতি সরফরাজ কাদের রাসেল-এর পক্ষে বক্তব্য দেন ছাত্রদল নেতা আকিব জাভেদ। এছাড়াও বক্তব্য রাখেন চিরন্তন চিরু এবং বিশিষ্ট চিকিৎসক মিন্টু চৌধুরী।
ইপিজেড থানা কমিটির প্রধান সমর্থক ও শ্রমিক নেতা মোঃ সোহাগ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন মোঃ বেলাল হোসেন, মোঃ কামাল হোসেন, মোঃ স্বপন, নারী নেত্রী বুলবুলি বেগম, পারভীন আক্তার, আঁকি বেগম ও শাফি বেগম। এসময় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি সৈয়দ হাসান মারুফ রুমী বলেন, জনগণের অধিকার ও মর্যাদাভিত্তিক বাংলাদেশ গড়তে এবং বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমৃদ্ধির রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে নতুন রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক পরিবর্তনের মধ্য দিয়ে রাষ্ট্রের রূপান্তর ঘটাতে হবে।
অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয় এবং উপস্থিত অতিথিরা একসঙ্গে ইফতার গ্রহণ করেন।