“কাজ শেষে বাড়ি ফেরা হলো না তিন বন্ধুর: ফটিকছড়িতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ৩ কিশোর নিহত”
নিজস্ব প্রতিবেদক (চট্টগ্রাম) ফরিকছড়ি
চট্টগ্রামের ফটিকছড়িতে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৯ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কের পেলাগাজি দিঘী মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে শিশুসহ অন্তত ১৭ জন আহত হয়েছেন।
নিহত তিন কিশোরই ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের হাজারীখিল গ্রামের বাসিন্দা। তারা হলেন:যোগেজ উড়াং এর ছেলে উত্তম উড়াং (১৭), রাম উড়াং এর ছেলে নয়ন উড়াং (১৭) ও তপন উড়াং এর ছেলে তপু উড়াং (১৭)।
পরিবার সূত্রে জানা গেছে, পড়াশোনার পাশাপাশি তারা রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতেন। কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে তারা দুর্ঘটনার শিকার হন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মানিকছড়িতে একটি সামাজিক অনুষ্ঠান শেষে একটি যাত্রীবাহী বাস চট্টগ্রামের বোয়ালখালীর উদ্দেশ্যে যাচ্ছিল। পেলাগাজি দিঘী মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের প্রচণ্ডতায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পশ্চিম পাশে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও দুই আরোহীর মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দা, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেহেদী হাসান জানান, “হাসপাতালে আনার আগেই দুজনের মৃত্যু হয়েছে। আহত ১৭ জনের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।”
দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান ফটিকছড়ির নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীর। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, “অপরিকল্পিত সড়কের কারণে এই এলাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। আমরা দ্রুতই চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কটি ৪ লেনে উন্নীত করার কাজ শুরু করব।”
নাজিরহাট হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. শাহাবুদ্দিন জানান, দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।