বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

রমজানেও দম বন্ধ করা ধোঁয়া: পেকুয়ার বাইম্যাখালীতে প্লাস্টিক কারখানা ঘিরে ক্ষোভ,প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি

(পেকুয়া প্রতিনিধি)-কক্সবাজারের পেকুয়া উপজেলার বাইম্যাখালী এলাকায় ঘনবসতিপূর্ণ জনবসতির মাঝখানে গড়ে ওঠা একটি প্লাস্টিক/বোতল কারখানাকে ঘিরে বাড়ছে উদ্বেগ ও ক্ষোভ। স্থানীয়দের অভিযোগ, প্রতিদিনের মতো রমজান মাসেও কারখানার কার্যক্রম বন্ধ নেই; বরং গভীর রাত ও ভোরে নির্গত কালো ধোঁয়ায় পুরো এলাকা আচ্ছন্ন হয়ে পড়ছে।
বাসিন্দাদের ভাষ্য, মানুষ যখন ঘুমিয়ে থাকে তখনই সবচেয়ে বেশি ধোঁয়া ছাড়ে কারখানাটি। এতে শ্বাসকষ্ট ও হাপানি রোগীরা মারাত্মক ঝুঁকিতে পড়ছেন। একই সঙ্গে ধোঁয়ার প্রভাবে গাছপালা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবংপশুপাখি এলাকা ছেড়ে চলে যাচ্ছে।

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দিনভর প্রতিবাদ জানাচ্ছেন এলাকাবাসী। তারা দ্রুত এই কারখানা বন্ধ ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন। তবে অভিযোগ রয়েছে,এত কিছুর পরও প্রশাসনের পক্ষ থেকে এখনো দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
স্থানীয়দের দাবি, রমজান মাসেও যখন পরিবেশ দূষণ বন্ধ হয়নি, তখন আর দেরি না করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া জরুরি। অন্যথায় পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর এর মারাত্মক প্রভাব আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তারা।

ক্যাটাগরি