চট্টগ্রাম: চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ও দারিদ্র্য বিমোচন সরকারের মূল লক্ষ্য। সরকার এই লক্ষ্য পূরণের জন্য আন্তরিকভাবে কাজ শুরু করেছে। ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড ও কৃষিকার্ডসহ বিভিন্ন জনমুখী কর্মসূচী বাস্তবায়নের কাজ চলছে। প্রাথমিকভাবে ১৪টি উপজেলায় পাইলট প্রকল্প হিসেবে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
রোববার (১ মার্চ) দুপুরে ২৩ নম্বর পাঠানটুলী ওয়ার্ডে চট্টগ্রাম মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খানের উদ্যোগে সাধারণ মানুষের মাঝে সেহেরি ও ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবু সুফিয়ান বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমাদের মা-বোনেরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন এবং ভবিষ্যতে এই কার্ডের মাধ্যমে আরও নানাবিধ সুযোগ-সুবিধা ভোগ করতে পারবেন। দরিদ্র কৃষকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ১ হাজার ৫০০ কোটি টাকার কৃষি ঋণ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে। এতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক ঋণের দায় থেকে মুক্তি পাবেন এবং কৃষি খাতে উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে।
তিনি আরও বলেন, দেশকে সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত করে, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করে, দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের জন্য বৈষম্যহীন, মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে সরকার অঙ্গীকারবদ্ধ। এই অঙ্গীকার বাস্তবায়নে নেতাকর্মীসহ সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করতে হবে। মাহে রমজান মানুষকে দানশীলতা, উদারতা ও মহত্বের শিক্ষা দেয়। তাই রমজানে ইফতার সামগ্রী বিতরণের মতো মহতি উদ্যোগ সমাজকে ঐক্যবদ্ধ করে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জোরদার করবে এবং অসহায় মানুষের মুখে হাসি ফোটাবে।
এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের কল্যাণে বিত্তবানদেরও এগিয়ে আসার প্রেরণা যোগাবে।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন লিপু, ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আব্দুল হালিম। বক্তব্য দেন ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, সিরাজুল মোস্তফা, আবু তাহের, এস. এম. নাছির, ডবলমুরিং থানা বিএনপি নেতা সুফি মো. ইব্রাহিম ও আমির উদ্দিন বাবুল প্রমুখ।