ফটিকছড়িতে প্রকৌশলীকে ‘ফুটবলের মতো লাথি’ মারার হুমকি ঠিকাদারের, অডিও ভাইরাল
নিজস্ব প্রতিবেদক(চট্টগ্রাম)ফটিকছড়ি :
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা প্রকৌশলী জুনায়েদ আবছার চৌধুরীকে মুঠোফোনে অশালীন ভাষায় গালাগালি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী ঠিকাদারের বিরুদ্ধে। অভিযুক্ত ঠিকাদার মহসিন হায়দার ‘মেসার্স মহসিন অ্যান্ড ব্রাদার্স’-এর স্বত্বাধিকারী। সম্প্রতি এই সংক্রান্ত একটি ফোনালাপের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে উপজেলাজুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়।
ভাইরাল হওয়া অডিওতে ঠিকাদার মহসিন হায়দারকে অত্যন্ত কুরুচিপূর্ণ ভাষায় প্রকৌশলীকে আক্রমণ করতে শোনা যায়। অডিওতে তিনি বলেন, “রুমে ঢুকে একদম ফুটবলের মতো লাথি দেব। ব্যাংকে যে চিঠি লিখেছিস, সেটি সরিয়ে নে। আমার বিল আটকে রেখেছিস, বিল দেওয়ার ব্যবস্থা কর।” শুধু তাই নয়, সরকারি অফিসে ঢুকে তালা ঝুলিয়ে দেওয়া এবং স্থানীয় প্রভাব খাটিয়ে ওই কর্মকর্তাকে দেখে নেওয়ার হুমকিও দিতে শোনা যায় তাকে।
ঘটনাটি জানাজানি হওয়ার পর অভিযুক্ত ঠিকাদার মহসিন হায়দার তার আচরণের জন্য দুঃখ প্রকাশ করলেও ঘুষের পাল্টা অভিযোগ তুলেছেন। তিনি বলেন, “দুটি প্রকল্পের ফাইল আটকে রেখে উপজেলা প্রকৌশলী আমার কাছ থেকে ৫০ হাজার টাকা নিয়েছেন। এরপরও বিল নিয়ে পুনরায় জটিলতা সৃষ্টি করায় আমি উত্তেজিত হয়ে খারাপ ভাষা ব্যবহার করেছি। তবে এমন আচরণ করা আমার ভুল হয়েছে।”
অন্যদিকে, টাকা নেওয়ার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন উপজেলা প্রকৌশলী জুনায়েদ আবছার চৌধুরী। তিনি সংবাদমাধ্যমকে জানান, “কাজে অনিয়ম থাকায় নিয়ম অনুযায়ী বিল স্থগিত করা হয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে ওই ঠিকাদার আমার সাথে এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন। বিষয়টি আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবহিত করেছি।”
একজন সরকারি কর্মকর্তাকে কর্মস্থলে এবং ব্যক্তিগত মুঠোফোনে এভাবে হুমকি দেওয়ার ঘটনায় স্থানীয় সচেতন মহলে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মতে, উন্নয়নকাজের মান রক্ষায় কোনো কর্মকর্তা পদক্ষেপ নিলে তাকে এভাবে লাঞ্ছিত করা উন্নয়ন প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করার শামিল। তারা অবিলম্বে বিষয়টির সুষ্ঠু তদন্ত ও দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।