পরিবেশ রক্ষায় কঠোর নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম: ফটিকছড়িতে মাটি খেকোদের ৫ লাখ টাকা জরিমানা
মীর আখতারুজ্জামান রুবেল, ফটিকছড়ি : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার উপজেলার নানুপুর ও পাইন্দং ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিন ব্যক্তিকে সর্বমোট ৫ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে আটককৃত ব্যক্তিরা তাদের অপরাধ স্বীকার করায় ‘বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন’ অনুযায়ী মো. করিম (২৬) পাইন্দং ইউনিয়নের আজিজ ব্রিকস সংলগ্ন এলাকায় মাটি কাটার অপরাধে তাকে ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়। তিনি জহুর আহমেদের পুত্র।
সাইফুল ইসলাম (৩৫) একই ইউনিয়নের পানিছড়ি এলাকায় মাটি কাটার দায়ে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি নুরুল ইসলামের পুত্র। মো. আবু জাফরকে পৃথক এক অভিযানে অবৈধভাবে মাটি কাটা ও পরিবহনের সাথে যুক্ত থাকার অপরাধে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম জানান, জনস্বার্থে ও পরিবেশ রক্ষায় অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। আদায়কৃত জরিমানার অর্থ চালানের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়েছে।