নিজস্ব প্রতিবেদক |
২৫ ফেব্রুয়ারি, ২০২৬ ৩:৪৫ : অপরাহ্ণ
নজরুল ইসলাম (লামা, বান্দরবান) বান্দরবানের লামা উপজেলায় বন্য হাতির আক্রমণে ক্যচিং মং মারমা নামে এক জুম চাষির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) উপজেলার ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ত্রিশডেবা ডলুঝিরি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত ক্যচিং মং মারমা (৫৯) বাচিং কারবারী পাড়ার বাসিন্দা। তার বাবার নাম বাচিং মারমা কারবারী এবং মায়ের নাম হ্লাচিং মারমা।
স্থানীয়রা জানায়, সকালে নিজের ধানক্ষেতে কীটনাশক প্রয়োগ করছিলেন ক্যচিং মং মারমা। এসময় হঠাৎ করে ৫/৬টি বন্য হাতির একটি পাল ধানক্ষেতে নেমে আসা এবং তার ওপর আক্রমণ করে। তিনি হাতির পায়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে মঙ্গলবার রাত ৮টার দিকে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।বর্তমানে মরদেহটি হাসপাতালের মর্গে সংরক্ষিত রয়েছে।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফাঁসিয়াখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ত্রিশডেবা ডলুঝিরি এলাকার বাচিং কারবারী পাড়ার বাচিং কারবারীর ছেলে বন্য হাতির আক্রমণে একজন জুম চাষির মৃত্যু হয়েছে। খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, বান্দরবানের বিভিন্ন পাহাড়ি এলাকায় প্রায়ই বন্য হাতির আক্রমণের ঘটনা ঘটে। স্থানীয়রা হাতির আক্রমণ থেকে সুরক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।