চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতি আওয়ামী লীগ ৬, বিএনপি ৫ ও জামায়াত ২ পদে জয়ী
চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ৬ পদে আওয়ামী লীগ, বিএনপি ৫ পদে ও জামায়াতে ইসলামী ২ পদে বিজয়ী হয়েছে।
গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত আইনজীবী সমিতি ভবনে সরাসরি ব্যালটে বিরতিহীন ভোটগ্রহণ চলে। পরে গণনার পর সন্ধ্যা ৭টার দিকে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোহা. শামসুদ্দীন প্রাথমিক ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে আওয়ামী লীগ সমমনা সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের (নজরুল-হাসিব পরিষদ) প্রার্থীরা সাধারণ সম্পাদকসহ ৬ পদে, বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের (ওদুদ-কনক পরিষদ) প্রার্থীরা সভাপতিসহ ৫ পদে এবং জামায়াত সমর্থিত সম্মিলিত আইনজীবী ঐক্য প্যানেল (মতিউর-তসিবুর পরিষদ) প্রার্থীরা ২ পদে নির্বাচিত হয়েছেন।
আওয়ামী সমর্থিতরা ১২ এবং জামায়াত সমর্থিতরা ১১ প্রার্থীর প্যানেল নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।ঘোষিত ফলাফল অনুযায়ী আওয়ামী প্যানেলের প্রার্থীরা সাধারণ সম্পাদক ছাড়াও সিনিয়র সহ-সভাপতি, সহ- সাধারণ সম্পাদক (দ্বিতীয়), অর্থ সম্পাদক এবং কার্যনির্বাহী সদস্যের দুটি পদে বিজয়ী ( প্রথম ও তৃতীয়) হয়েছেন। অপরদিকে বিএনপি প্যানেলের প্রার্থীরা সভাপতি ছাড়াও সহসভাপতি, সাংস্কৃতিক সম্পাদক এবং কার্যনির্বাহী সদস্যের দুটি পদে বিজয়ী (দ্বিতীয় ও চতুর্থ) হয়েছেন। এ ছাড়া জামায়াত মনোনীত প্রার্থীরা বিজয়ী হয়েছেন সহ-সাধারণ সম্পাদক (প্রথম) এবং গ্রন্থাগার সম্পাদক পদে।