কোতোয়ালী থানার অভিযানে প্রকাশ্যে জুয়া খেলার সময় আটক ২০
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)-এর কোতোয়ালী থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে প্রকাশ্যে জুয়া খেলারত অবস্থায় ২০ জনকে আটক করেছে।
সিএমপি’র দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায় এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এর তত্ত্বাবধানে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ আফতাব উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিরস্ত্র) এহেছান মাহাবুব, এসআই রাশেদুল ইসলাম, এসআই আল আমিনসহ সঙ্গীয় ফোর্স কোতোয়ালী থানাধীন কাজীর দেউরী কাজী পাড়াস্থ কাজী বাড়ী পুকুর পাড় এলাকায় অভিযান চালায়। এসময় প্রকাশ্যে জুয়া খেলারত অবস্থায় ২০ জনকে আটক করা হয়।
আটককৃতদের কাছ থেকে নগদ ১২,২৯০ টাকা এবং জুয়া খেলার উপকরণ হিসেবে ৩টি তাসের বান্ডেলে মোট ১৫৬টি তাস (১টি সবুজ ও ২টি খয়েরি রঙের) উদ্ধার করা হয়।
পরে তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানার অধর্তব্য মামলা নং-৬৫/২০২৬, তারিখ: ২৩/০২/২০২৬ ইং, Chittagong Metropolitan Police Ordinance এর ৯৪/১০৩ ধারায় মামলা রুজু করা হয়। আটককৃতদের বিনা পরোয়ানায় গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয় এবং পরবর্তীতে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, নগরীতে অপরাধ দমনে কোতোয়ালী থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।