বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

জাতির মর্যাদা রক্ষা করতে হলে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে – ফয়সাল মুহাম্মদ ইউনুস

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুস বলেছেন, জাতির মর্যাদা রক্ষা করতে হলে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। ভাষা শহীদদের আত্মত্যাগ আমাদেরকে ন্যায়ের পথে অবিচল থাকার প্রেরণা জোগায়।

শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকাল ২টায় চট্টগ্রাম নগরীর ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডের উদ্যোগে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

১৬ নম্বর চকবাজার ওয়ার্ড এমারতের আমীর মুহাম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন চকবাজার থানা আমীর আহমদ খালেদুল আনোয়ার এবং থানা বায়তুলমাল সম্পাদক জসিম উদ্দিন আল হাসান।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন ছিল বাঙালি জাতির আত্মপরিচয় ও অধিকার আদায়ের সংগ্রামের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। ভাষা শহীদদের আত্মত্যাগের চেতনা ধারণ করে সমাজে ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, বর্তমান প্রেক্ষাপটে দেশ ও জাতির স্বার্থে অন্যায়, অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদী ভূমিকা পালন করা প্রত্যেক সচেতন নাগরিকের দায়িত্ব।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ১৬ নম্বর চকবাজার ওয়ার্ড কর্মপরিষদ সদস্য মুজাহিদুল ইসলাম, নুর হোসাইন, মাওলানা খালেদ জামালসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সভা শেষে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

ক্যাটাগরি