শেখেরখীলে ধর্ষণ অভিযোগকে কেন্দ্র করে বাড়িঘরে হামলা-ভাঙচুর, নিরাপত্তাহীনতায় পরিবার
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শেখেরখীল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে ধর্ষণ অভিযোগকে কেন্দ্র করে একটি পরিবারের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে নেজাম উদ্দিন প্রকাশ নেজাম মাঝির বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, স্থানীয় গিয়াস উদ্দিন আকবর প্রকাশ মিয়া ও তার সহযোগীরা ইট নিক্ষেপ করে বাড়ির প্রধান গেইট ভেঙে ফেলে। এ সময় ঘরের চারটি জানালার গ্লাস, দরজা ভাঙচুর করা হয় এবং বসতঘরে স্থাপিত ১১টি সিসি ক্যামেরার সবকটি খুলে নিয়ে যায় হামলাকারীরা। এছাড়া বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার হুমকিও দিয়ে যায় তারা।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার সকালে ফাতেমা বেগম (২১) নামে এক নারী আত্মহত্যা করেন। ওই ঘটনায় ফাতেমাকে ধর্ষণের অভিযোগ তুলে নেজাম মাঝির পরিবারের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। এ অভিযোগের ভিত্তিতে বেআইনীভাবে বাড়িঘরে হামলা চালানো হয় বলে দাবি পরিবারের।
নেজাম মাঝির স্ত্রী হামিদা আক্তার বলেন, “ফাতেমার মৃত্যুর ঘটনা নিয়ে মামলা চলমান রয়েছে। একই সঙ্গে বিষয়টি পিআইবি-এর কাছেও তদন্তাধীন থাকা সত্ত্বেও আমাদের বাড়িতে হামলা চালানো হয়েছে। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”
তিনি আরও বলেন, “স্থানীয় কিছু দুষ্কৃতিকারী আমাদের জানে মেরে ফেলার হুমকি দিচ্ছে। আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। বিষয়টি পুলিশ প্রশাসনকে অবগত করা হয়েছে এবং আমরা দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চাই।”
এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।