সংরক্ষিত বনভূমি দখল ও আগুন লাগানোর বিরুদ্ধে লামা বন বিভাগের কঠোর সতর্কবার্তা
নজরুল ইসলাম (লামা, বান্দরবান) সরকারি সংরক্ষিত ও রক্ষিত বনভূমি দখল, ক্রয়-বিক্রয় এবং আগুন লাগানোর অপচেষ্টার বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা জারি করেছে লামা বন বিভাগ।
বন বিভাগের সূত্রে জানা গেছে, চকরিয়া উপজেলা এর বমু বন বিটের আওতাধীন সরকারি সংরক্ষিত বনাঞ্চলে সাম্প্রতিক সময়ে কিছু ব্যক্তি অবৈধভাবে অবস্থান করে বনভূমি দখল, হস্তান্তর ও ক্রয়-বিক্রয়ের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। পাশাপাশি অবৈধভাবে বসতবাড়ি নির্মাণ এবং আসন্ন শুষ্ক মৌসুমে আগুন লাগিয়ে বন বাগানের ক্ষতিসাধনের আশঙ্কাও রয়েছে বলে বন বিভাগ জানিয়েছে।
বন বিভাগ আরও জানায়, সরকারি সম্পত্তি দখল, হস্তান্তর, ক্রয়-বিক্রয় এবং বনাঞ্চলে আগুন জ্বালানো আইনত দণ্ডনীয় অপরাধ। এসব কর্মকাণ্ডের মাধ্যমে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়ছে।
এ অবস্থায় সরকারি সংরক্ষিত ও রক্ষিত বনভূমিতে দখল, হস্তান্তর, ক্রয়-বিক্রয় এবং আগুন জ্বালানো থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ প্রদান করা হয়েছে। অন্যথায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বন বিভাগ জানিয়েছে।
স্থানীয় সচেতন মহল বনভূমি রক্ষায় প্রশাসনের এ উদ্যোগকে সময়োপযোগী বলে উল্লেখ করেছেন এবং পরিবেশ সুরক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।