ভোটের আগেই খাগড়াছড়িতে মুসলিম লীগ প্রার্থীর নির্বাচন বয়কট
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের আগের রাতে খাগড়াছড়ি-২৯৮ আসনে বাংলাদেশ মুসলিম লীগ মনোনীত হারিকেন প্রতীকের প্রার্থী মো. মোস্তফা নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছেন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় দেওয়া এক ঘোষণায় তিনি প্রশাসনের পক্ষপাতিত্ব, হস্তক্ষেপ ও নিরাপত্তা অবহেলার অভিযোগ তোলেন।
তিনি বলেন, ‘প্রার্থিতা ঘোষণার পর থেকে পরিবার তার নিরাপত্তা নিয়ে শঙ্কায় ছিল। গত ৮ ফেব্রুয়ারি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে গানম্যান চেয়ে আবেদন করলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এছাড়া আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিচারিক কমিটির কাছে আবেদন করেও ৪৮ ঘণ্টায় কোনো প্রতিকার পাননি, যদিও পরের অভিযোগের নিষ্পত্তি হয়েছে।’
মোস্তফার অভিযোগ, ‘সরকারি কর্মকর্তা-কর্মচারীরা আচরণবিধি লঙ্ঘন করে ক্ষমতাধর প্রার্থীদের পক্ষে প্রচারণা চালিয়েছেন এবং তাদেরই ভোটকেন্দ্রে দায়িত্ব দেওয়া হয়েছে, যা নিরপেক্ষ নির্বাচনের সম্ভাবনাকে প্রশ্নবিদ্ধ করেছে।’
নির্বাচন স্থগিতের আহ্বান জানিয়ে উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়ে তিনি নির্বাচন বয়কট করেন এবং হারিকেন প্রতীকের কর্মী-সমর্থকদের ভোটকেন্দ্রে না যাওয়ার আহ্বান জানান।