শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয়

এনসিপি ও জামায়াত-শিবিরের কর্মীরা কেন্দ্রে অনুপ্রবেশের চেষ্টা করছে : মির্জা আব্বাস

ঢাকা-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস অভিযোগ করেছেন, প্রতিপক্ষের নেতাকর্মীরা বিভিন্ন ভোটকেন্দ্রে প্রবেশের চেষ্টা করছে। তার দাবি, এনসিপি ও জামায়াত-শিবিরের সমর্থকরা পরিকল্পিতভাবে নির্বাচনী পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর শাহজাহানপুরে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।

মির্জা আব্বাসের ভাষ্য, আরামবাগ ও আশপাশের বিভিন্ন বাসাবাড়ি, মেস ও মাদ্রাসায় ২০০ থেকে ৩০০ জন ব্যক্তি অবস্থান নিয়েছে। তাদের মধ্যে অনেকে সশস্ত্র বলেও তিনি দাবি করেন। সিদ্ধেশ্বরী বালিকা বিদ্যালয়সহ অন্তত সাতটি কেন্দ্রে অনুপ্রবেশের চেষ্টা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তবে বিএনপি নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানান।

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, নির্বাচনে কারচুপির উদ্দেশ্যে এসব তৎপরতা চালানো হতে পারে। রাতে কেন্দ্র দখলের চেষ্টা অব্যাহত থাকলে পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলেও সতর্ক করেন তিনি।

উল্লেখ্য, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ঢাকা-৮ আসনটি মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর থানা নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭৫ হাজার ৪৭১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৭৯৫ জন, নারী ভোটার ১ লাখ ২২ হাজার ৬৭৫ জন এবং তৃতীয় লিঙ্গের একজন ভোটার রয়েছেন। মোট ভোটকেন্দ্র রয়েছে ১০৮টি।

ক্যাটাগরি