ভোটার উদ্বুদ্ধকরণে লামায় ভ্রাম্যমাণ ট্রাকযোগে সংগীতানুষ্ঠান
নজরুল ইসলাম (লামা, বান্দরবান) গণভোট ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটারদের উদ্বুদ্ধকরণ এবং নির্বাচনী আচরণবিধি সম্পর্কে সাধারণ জনগণকে অবহিত করার লক্ষ্যে লামায় ভ্রাম্যমাণ ট্রাকযোগে সংগীতানুষ্ঠান আয়োজন করা হয়েছে।
আজ রবিবার (২ ফেব্রুয়ারি) লামা উপজেলা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমপূর্ণ এলাকায় ভ্রাম্যমাণ ট্রাকযোগে এ সংগীতানুষ্ঠান পরিচালনা করা হয়।
সংগীত ও প্রচারণার মাধ্যমে ভোটারদের ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করার পাশাপাশি নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, আইনশৃঙ্খলা রক্ষা এবং সচেতন ও দায়িত্বশীল ভোটার হিসেবে করণীয় বিভিন্ন দিক তুলে ধরা হয়। এ সময় সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এ আয়োজন উপভোগ করেন।
এ আয়োজন বাস্তবায়ন করে তথ্য অফিস, লামা (লামা–আলীকদম–নাইক্ষ্যংছড়ি), গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।