বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

বাঁশখালীতে পৃথক অগ্নিকাণ্ডে চার বসতঘর পুড়ে ছাই

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:-চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় গ্যাসের চুলা থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে পৃথক দুই ঘটনায় চারটি বসতঘর পুড়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঘরের কোনো মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লাখ টাকার বেশি বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চাপাছড়ি লালগাজী চৌধুরী বাড়িতে প্রথম অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে টিনের চালাবিশিষ্ট তিনটি কাঁচা বসতঘর ও একটি খড়ের গাদা সম্পূর্ণভাবে পুড়ে যায়।

এই ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন মোকাদ্দেস চৌধুরী, আমান উল্লাহ চৌধুরী (বাবলু) ও আলমগীর চৌধুরী।

স্থানীয় বাসিন্দা হেফাজ উদ্দিন চৌধুরী জানান, আলমগীর চৌধুরীর বসতঘর থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের চিৎকারে এলাকাবাসী দ্রুত এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টা না থাকলে আগুন আরও ভয়াবহ রূপ নিতে পারত।

এর পরে রোববার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার শেখেরখীল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হাফেজ মার্কেট এলাকায় আরেকটি অগ্নিকাণ্ড ঘটে। এতে মোহাম্মদ ইকবাল নামের এক ব্যক্তির ছয় কক্ষবিশিষ্ট কাঁচা বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়।

বাঁশখালী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, বাহারছড়ার অগ্নিকাণ্ডের খবর পেয়ে টিম লিডার নুরুল বশরের নেতৃত্বে একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্যাটাগরি