আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে বান্দরবান-৩০০ আসনে বিএনপির সাঁচিং প্রু জেরি ও এনসিপির সুজাউদ্দিন মাঠে
নজরুল ইসলাম (লামা, বান্দরবান)
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবান-৩০০ আসনে নির্বাচনী মাঠে সরব হয়ে উঠেছেন বিভিন্ন দলের প্রার্থীরা। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাঁচিং প্রু জেরি গতকাল পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী লামা উপজেলার সরই ও গজালিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ, জনসভা ও নির্বাচনী পথসভা আয়োজন করেন।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তিনি স্থানীয় বাজার, গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন। এ সময় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা তাঁর সঙ্গে অংশ নেন।
গণসংযোগ ও পথসভাগুলোতে বক্তারা বলেন, পাহাড় ও সমতলের সকল জনগোষ্ঠীর সমান উন্নয়ন, শান্তি ও সম্প্রীতি নিশ্চিত করতে বিএনপির বিকল্প নেই। তারা আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে সাঁচিং প্রু জেরিকে বিজয়ী করার আহ্বান জানান।
এদিকে, একই আসনে ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী সুজাউদ্দিনও লামা উপজেলায় নির্বাচনী তৎপরতা চালিয়ে যাচ্ছেন। ফলে বান্দরবান-৩০০ আসনে নির্বাচনী আমেজ দিন দিন আরও তীব্র হয়ে উঠছে।বিএনপি প্রার্থী সাঁচিং প্রু জেরির কর্মসূচিকে ঘিরে সরই ও গজালিয়া ইউনিয়নে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।