রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

বাঁশখালীতে জমি দখলের চেষ্টা ও চাঁদাবাজির অভিযোগ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নে ছোট ছনুয়ায় জমি দখলের চেষ্টা ও চাঁদাবাজির অভিযোগে বাংলাদেশ সেনাবাহিনীর বাঁশখালী ক্যাম্পে লিখিত অভিযোগ দিয়েছেন এক শিক্ষার্থী।

অভিযোগকারী মুরাদুল ইসলাম জানান, তাঁর মা জন্নাতুল ফেরদৌস বৈধ দলিলমূলে প্রায় ৫ কানি ৮ গন্ডা জমি ক্রয় করে দখলে থাকলেও স্থানীয় সন্ত্রাসী চক্র ওই জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালাচ্ছে। অভিযোগে নুরুল ইসলাম, মুবিনুল হক, ছাবের আহমদ ও হাফেজ আহমদসহ ৩৩জনের নাম উল্লেখ করে বলা হয়-তারা জমি নিয়ে বিরোধ সৃষ্টি করে প্রথমে ৫ লাখ টাকা এবং পরে আরও চাঁদা দাবি করে।

চাঁদা দিতে অস্বীকার করায় গত সোমবার সকালে অভিযুক্তরা দেশীয় অস্ত্রসহ ৬০-৭০ জন বহিরাগত লোকজন নিয়ে জমিতে অনধিকার প্রবেশ করে রোপিত ধান নষ্ট করে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি করে। এ সময় বাধা দিতে গেলে বাদীকে মারধর করে জমি থেকে তাড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দিলে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা পালিয়ে যায়। ঘটনাস্থলে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী উপস্থিত হয়ে ঘটনার সত্যতা প্রত্যক্ষ করেন।

এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানিয়েছেন অভিযোগকারী।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্তদের মধ্যে নুরুল ইসলামের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।

ক্যাটাগরি