সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

লামা রিকশা চালক সমবায় সমিতিতে দৈনিক আদায় নিয়ে অনিয়মের অভিযোগ

জাহিদ হাসান | লামা (বান্দরবান)
লামা উপজেলা রিকশা চালক সমবায় সমিতি লিমিটেডে (রেজি: নং–০৪) দৈনিক সঞ্চয় আদায়কে কেন্দ্র করে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, সমিতির পক্ষ থেকে প্রতিদিন রিকশা চালকদের কাছ থেকে নির্ধারিত সঞ্চয় ও বিভিন্ন খাতে টাকা আদায় করা হলেও তা রশিদ বইয়ে সঠিকভাবে লিপিবদ্ধ করা হচ্ছে না।

রবিবার (২৫ জানুয়ারি) সরেজমিনে পরিদর্শনে দেখা যায়, রিকশা চালকদের কাছ থেকে প্রতিদিন ১০ টাকা করে আদায় করা হচ্ছে। তবে রশিদ বইয়ে চালকদের নাম কিংবা আদায়ের বিস্তারিত তথ্য উল্লেখ করা হচ্ছে না। অনেক ক্ষেত্রে খালি রশিদ দিয়ে টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন চালকেরা। এতে আদায়কৃত অর্থ কোথায় যাচ্ছে এবং তা আদৌ সদস্যদের সঞ্চয় হিসাবে জমা হচ্ছে কি না—এ নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে।

রিকশা চালকদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা নিয়মিতভাবে প্রতিদিন ১০ টাকা করে প্রদান করলেও রশিদে নাম বা হিসাব না থাকায় তারা শঙ্কিত। একাধিক চালক জানান, ভবিষ্যতে প্রয়োজনের সময় এই সঞ্চয়ের টাকা পাওয়া যাবে কি না, তা নিয়ে তারা উদ্বিগ্ন। কেউ কেউ এ অবস্থাকে প্রতারণার শামিল বলেও মন্তব্য করেন।

এ বিষয়ে সমিতির বক্তব্য জানতে কার্যালয়ে যোগাযোগের চেষ্টা করা হলে সেখানে কাউকে পাওয়া যায়নি। দায়িত্বশীল কোনো কর্মকর্তা বা কর্মচারীর সঙ্গেও কথা বলা সম্ভব হয়নি।এদিকে স্থানীয় সচেতন মহলের দাবি, সমবায় সমিতির অর্থ লেনদেনে স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। নিয়ম অনুযায়ী প্রতিটি আদায়ের বিপরীতে রশিদে সদস্যের নাম, তারিখ ও টাকার পরিমাণ উল্লেখ করা বাধ্যতামূলক। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এনে তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

রিকশা চালকদের স্বার্থ রক্ষায় দ্রুত এই অনিয়মের সুষ্ঠু তদন্ত ও কার্যকর সমাধান প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।

ক্যাটাগরি