সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনীতি

ইসলামি আন্দোলন বাংলাদেশ: আবেগের রাজনীতি বনাম বাস্তবতার কঠিন সমীকরণ

ইসলামি আন্দোলন বাংলাদেশের একনিষ্ঠ ও আবেগপ্রবণ কর্মীদের একটি অংশ এই বিশ্লেষণের সঙ্গে দ্বিমত পোষণ করতে পারেন—এটি স্বাভাবিক। তবে রাজনীতি কেবল আবেগ, আনুগত্য কিংবা স্লোগানের বিষয় নয়। রাজনীতি শেষ পর্যন্ত পরিচালিত হয় বাস্তবতা, কৌশল ও সময়োপযোগী সিদ্ধান্তের ভিত্তিতে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সেই বাস্তবতার কথাই আলোচনার দাবি রাখে।
সুযোগ ছিল, কিন্তু সিদ্ধান্তে ঘাটতি রয়ে গেছে তাদের।
বর্তমান রাজনৈতিক বাস্তবতায় ইসলামি আন্দোলন বাংলাদেশের সামনে নিজেদের একটি কার্যকর ও দৃশ্যমান অবস্থানে নিয়ে যাওয়ার বাস্তব সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু সেই সুযোগ পুরোপুরি কাজে লাগানো যায়নি—এমন মূল্যায়ন রাজনৈতিক পর্যবেক্ষকদের বড় একটি অংশের।
রাজনৈতিক অঙ্গনে একটি আলোচনা রয়েছে—পর্দার আড়ালে কিছু প্রভাবশালী, স্বার্থান্বেষী শক্তি সক্রিয় ছিল, যারা ইসলামি রাজনীতির একটি নতুন ও ভারসাম্যপূর্ণ শক্তির উত্থানকে সহজভাবে মেনে নিতে চায়নি। এই প্রভাব কখনো কৌশলগত বিভ্রান্তির মাধ্যমে, কখনো সিদ্ধান্ত গ্রহণে ভুল বার্তা পৌঁছে দেওয়ার মধ্য দিয়ে কাজ করেছে—এমন ধারণা রাজনীতির আলোচনায় নতুন নয়।
মালয়েশিয়া বৈঠক
নির্বাচনের অনেক আগেই, ২০১৬/২০১৭ সালের দিকে, মালয়েশিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে চরমোনাই প্রতিনিধিদের একটি বৈঠকের কথা রাজনৈতিক মহলে আলোচিত ছিল। তবে শেষ পর্যন্ত সেই বৈঠকটি অনুষ্ঠিত হয়নি।
রাজনৈতিক সূত্রগুলো বলছে, বৈঠকটি বাতিল হওয়ার পেছনে একাধিক কারণ কাজ করেছে। বৈঠকে অংশগ্রহণকারী সম্ভাব্য প্রতিনিধিদের মধ্যে বিদেশি এজেন্ট ছিল। যা নিরাপত্তা ও গোপনীয়তা সংক্রান্ত উদ্বেগ তৈরি করে। আশঙ্কা ছিল—আলোচনার বিষয়বস্তু আগেই প্রকাশ পেয়ে কৌশলগতভাবে ভিন্নভাবে উপস্থাপিত হতে পারে।
এর পাশাপাশি রাজনৈতিক মহলে এমন কথাও আলোচিত ছিল যে, বৈঠকের সঙ্গে সম্পৃক্ত কিছু ব্যক্তি বিদেশে অবস্থানরত বিভিন্ন রাষ্ট্রীয় বা অরাষ্ট্রীয় প্রভাববলয়ের সঙ্গে যুক্ত থাকতে পারেন—এমন আশঙ্কার ফলে বৈঠকের আলোচনা কেবল ফাঁসই নয়, বরং ভিন্ন রাষ্ট্রীয় স্বার্থে ব্যবহৃত হওয়ার ঝুঁকিও বিবেচনায় আসে।
একই সঙ্গে সে সময় তারেক রহমানের ব্যক্তিগত নিরাপত্তা পরিস্থিতি নিয়েও বাড়তি সতর্কতা ও ঝুঁকির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়। প্রবাসে অবস্থানরত একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতার নিরাপত্তা তখন অত্যন্ত সংবেদনশীল ইস্যু হওয়ায়, সামগ্রিক ঝুঁকি মূল্যায়নের ভিত্তিতেই বৈঠকটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়—এমন ধারণা রাজনৈতিক অঙ্গনে প্রচলিত।
এই ঘটনাই জোট রাজনীতিতে পারস্পরিক আস্থার ঘাটতিকে আরও স্পষ্ট করে তোলে।
জোট ভেঙে যাওয়া, ক্ষতি না বাস্তবতার স্বস্তি
নির্বাচনের আগেই জোট ভেঙে যাওয়াকে অনেকেই নেতিবাচক হিসেবে দেখলেও বাস্তবতা বলছে—এই বিচ্ছেদ ভবিষ্যৎ অস্থিতিশীলতার ঝুঁকি কমিয়েছে।
রাজনীতির বাস্তব হিসাব অনুযায়ী— সরকার গঠনে প্রয়োজন ১৫১ আসন। কোনো জোট যদি ১৭০ আসনের কাছাকাছি ফলাফলও অর্জন করত, তবুও অতিরিক্ত চাপ, অতিরিক্ত দাবি এবং অতি-সক্রিয় অংশীদারদের ভূমিকা সরকার পরিচালনাকে জটিল করে তুলতে পারত—এমন আশঙ্কা রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশ আগেই প্রকাশ করেছিলেন। এই প্রেক্ষাপটে জোট ভাঙনকে অনেকেই আবেগগত নয়, বরং বাস্তববাদী সিদ্ধান্ত হিসেবেই মূল্যায়ন করছেন।
বক্তব্য বিকৃতি ও রাজনৈতিক বিভ্রান্তি
বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক-পরবর্তী বক্তব্যে বলা হয়েছিল—বিএনপি বা জামায়াত, যেই নির্বাচিত হোক না কেন, রাষ্ট্র পরিচালনায় পারস্পরিক সমঝোতার ভিত্তিতে এগোনোর বিষয়টি গুরুত্ব পাবে।
পরবর্তীতে এই বক্তব্যকে ভিন্ন অর্থে উপস্থাপন করা হয়। বিশেষ করে এটিকে ‘ষড়যন্ত্র’ কিংবা ‘গোপন আঁতাত’ হিসেবে তুলে ধরার প্রচেষ্টা রাজনৈতিক বিভ্রান্তি সৃষ্টি করেছে। এর মাধ্যমে বিএনপি ও জামায়াতের মধ্যে দ্বন্দ্ব উসকে দেওয়ার চেষ্টা হয়েছে—এমন মূল্যায়ন রাজনৈতিক মহলে আলোচিত।
বাস্তবতা হলো, বিএনপি ও জামায়াত প্রায় ১৫ বছর ধরে রাজপথের আন্দোলনে একসাথে ছিল। নির্বাচনী রাজনীতিতে পারস্পরিক সমালোচনা থাকলেও রাষ্ট্র, গণতন্ত্র ও সাংবিধানিক কাঠামোর প্রশ্নে তাদের মধ্যে একটি মৌলিক মিল দীর্ঘদিন ধরেই বিদ্যমান।
বিভাজনের রাজনীতি ও চরমোনাই প্রসঙ্গ
রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশ মনে করেন—এই মৌলিক মিলকে দুর্বল করার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর ন্যারেটিভ ছড়ানো হয়েছে। এই প্রক্রিয়ায় চরমোনাই ধারাকে ব্যবহার করা হয়েছে—এমন ধারণাও রাজনৈতিক আলোচনায় রয়েছে। জোটে যোগ দেওয়া ও জোট থেকে বেরিয়ে আসার সিদ্ধান্তগুলো সময় ও প্রেক্ষাপট বিবেচনায় বহু প্রশ্নের জন্ম দিয়েছে। এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন সাধারণ ইসলামপ্রিয় মানুষ। যারা আন্তরিকভাবে ইসলামি রাজনীতিকে ভালোবাসেন, কিন্তু আজ বিভ্রান্ত ও হতাশ।
আদর্শিক প্রশ্ন
কোরআন–হাদিস নাকি ভেদে মারফত, এই রাজনৈতিক বিভ্রান্তির সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ কিন্তু প্রায় উপেক্ষিত বিষয় যুক্ত হয়েছে—আদর্শিক ব্যাখ্যার ক্ষেত্রে কোরআন ও সহিহ হাদিসভিত্তিক অনুশাসনের পরিবর্তে ‘ভেদে মারফত’ নির্ভর ব্যাখ্যাকে অতিরিক্ত গুরুত্ব দেওয়ার প্রবণতা। বাস্তবে দেখা যাচ্ছে, অনেক কর্মী ও সমর্থক ইসলামকে একটি পরিপূর্ণ জীবনব্যবস্থা হিসেবে নয়, বরং নির্দিষ্ট পীর-মুরিদ কেন্দ্রিক ব্যাখ্যার মধ্যেই সীমাবদ্ধ করে ফেলছেন। এর ফলে ইসলামি রাজনীতির ভাষা ও আচরণে ভারসাম্য নষ্ট হচ্ছে। যুক্তিনির্ভর আলোচনা, কোরআন–সুন্নাহভিত্তিক বিশ্লেষণ এবং ভিন্নমতের প্রতি সহনশীলতার জায়গায় আবেগ, অন্ধ আনুগত্য ও আক্রমণাত্মক প্রতিক্রিয়া প্রাধান্য পাচ্ছে—বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে। অথচ ইসলাম নিজেই ঘোষণা করেছে—
“……আজ আমি তোমাদের জন্য তোমাদের দীনকে পূর্ণ করলাম এবং তোমাদের উপর আমার নিয়ামত সম্পূর্ণ করলাম এবং তোমাদের জন্য দীন হিসেবে পছন্দ করলাম ইসলামকে।…..”
(সূরা মায়েদা: ৩/আংশিক)
এই পরিপূর্ণ দ্বীনের মূল ভিত্তি কোরআন ও রাসূল (সা) এর সুন্নাহ। সেই মৌলিক ভিত্তি থেকে সরে গিয়ে খণ্ডিত বা সংকীর্ণ ব্যাখ্যায় আবদ্ধ থাকলে ইসলামি রাজনীতি কখনোই বৃহত্তর জনগোষ্ঠীর আস্থা অর্জন করতে পারে না।
একক লড়াই বনাম কার্যকর উপস্থিতি
বর্তমান বাস্তবতায় এমন কোনো আসনের নাম আত্মবিশ্বাসের সঙ্গে বলা কঠিন, যেখানে নিশ্চিতভাবে ‘হাতপাখা’ প্রতীক বিজয়ী হবে (আবেগকে নিয়ন্ত্রণে রেখে)। অথচ, জোট রাজনীতির মাধ্যমে সংসদে কার্যকর আসন সংখ্যা নিশ্চিত করা সম্ভব ছিল। চরমোনাইপন্থী অনেক সাধারণ সমর্থকের মধ্যেও তাই এখন একটি যৌক্তিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এককভাবে বহু আসনে প্রার্থী দিয়ে সীমিত আসন পাওয়ার চেয়ে, জোটবদ্ধ হয়ে কম আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সংসদে শক্তিশালী উপস্থিতি নিশ্চিত করা কি বেশি বাস্তবসম্মত হতো না!
উপসংহার
আবেগ নয়, প্রজ্ঞাই পথ দেখায়। ইসলামি রাজনীতির ভবিষ্যৎ নির্ধারিত হবে আবেগ, স্লোগান কিংবা উগ্রতার মাধ্যমে নয়; বরং নির্ধারিত হবে প্রজ্ঞা, আত্মসমালোচনা ও বাস্তববাদী সিদ্ধান্তের মাধ্যমে। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। সেই পরিপূর্ণতার আলোকে রাজনীতি করতে হলে প্রয়োজন দায়িত্বশীল ভাষা, সহনশীল আচরণ এবং ঐক্যভিত্তিক রাজনৈতিক কৌশল। দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে এবং ইসলামি রাজনীতির দীর্ঘমেয়াদি ভবিষ্যতের জন্য—বিভাজন নয়, বাস্তবতাভিত্তিক ঐক্যই হতে পারে সবচেয়ে কার্যকর পথ।
মোহাম্মদ কামাল উদ্দিন চৌধুরী

ক্যাটাগরি