কাপ্তাইয়ের ওয়াগ্গায় কৃষি কার্ডের অনলাইন আবেদন কার্যক্রম উদ্বোধন
মো. জয়নাল আবেদীন, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি:
রাঙামাটির কাপ্তাই উপজেলার ৫নং ওয়াগ্গা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের শিলছড়ি এলাকায় কৃষি কার্ডের অনলাইন আবেদন কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) স্থানীয় কৃষক ও সংশ্লিষ্টদের উপস্থিতিতে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
কৃষি অফিস থেকে আগত উপ-সহকারী কৃষি কর্মকর্তা টুয়ন চাকমা ও মো. ইকবাল হোসেন কৃষি কার্ডের অনলাইন আবেদন প্রক্রিয়া সম্পর্কে উপস্থিত কৃষক ও সাধারণ মানুষকে অবহিত করেন। তারা আবেদন করার সময় সঠিক তথ্য প্রদানের জন্য সবাইকে আহ্বান জানান।
কর্মকর্তারা জানান, কৃষি কার্ডের আওতায় মূলত তিন শ্রেণির মানুষ আবেদন করতে পারবেন—যাদের কৃষিজমি রয়েছে, যারা মৎস্য আহরণ বা মাছের সঙ্গে সংশ্লিষ্ট এবং যারা হাঁস-মুরগি লালন-পালন করেন। সংশ্লিষ্টদের সঠিক তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্রের ভিত্তিতে অনলাইনে আবেদন করার জন্য পরামর্শ দেওয়া হয়।
পুরো ৯নং ওয়ার্ডে কৃষি কার্ডের আবেদন কার্যক্রমে দায়িত্ব পালন করেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা বাপ্পা মল্লিক, সমজিত দাশ, থোয়াইনু চিং মারমা (উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা), সুভাষ দে, রুপমা বড়ুয়া ও মোহাম্মদ ওমর ফারুক হাসান।
অনলাইন আবেদন কার্যক্রমের উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন ৫নং ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য সরোয়ার হোসেন, ৫নং ওয়াগ্গা ইউনিয়ন কৃষক দলের সহ-সভাপতি সোহেল, কাপ্তাই উপজেলা শ্রমিকদল দলের সাধারণ সম্পাদক আব্দুল নাহিয়ান ডালিম এবং বিএনপির ত্যাগী ও জনবান্ধব কর্মী হিসেবে পরিচিত মফিজ ভাইসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে প্রথম অনলাইন আবেদনটি করেন ৫নং ওয়াগ্গা ইউনিয়ন কৃষক দলের সহ-সভাপতি সোহেল। এর মধ্য দিয়ে ৯নং ওয়ার্ডে কৃষি কার্ডের অনলাইন আবেদন কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে শুরু হয়।
কৃষি কার্ডের মাধ্যমে কৃষক, মৎস্যজীবী এবং হাঁস-মুরগি পালনকারীদের সরকারি কৃষি সহায়তা ও সংশ্লিষ্ট সুযোগ-সুবিধার আওতায় আনার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তারা সঠিক তথ্য দিয়ে নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।