বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

“বান্দরবান জেলা সদস্য সচিব মোহাম্মদ এরফানুল হক এনসিপি ছাড়লেন, আনুষ্ঠানিকভাবে বিএনপিকে সমর্থন”

নজরুল ইসলাম লামা,বান্দরবান

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দলটির চট্টগ্রাম মহানগরের জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়কারী ও বান্দরবান জেলার সদস্য সচিব মোহাম্মদ এরফানুল হক। শুক্রবার (২৪ জানুয়ারি) এক বিশেষ ঘোষণায় তিনি এনসিপির সকল দায়িত্ব ও পদ থেকে নিজেকে প্রত্যাহার করার কথা জানান।

ঘোষণায় তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল নাগরিকভিত্তিক রাষ্ট্রব্যবস্থার দিকে রাজনীতিকে এগিয়ে নেওয়া। সে উদ্দেশ্যে ‘জাতীয় নাগরিক কমিটি’ গঠিত হলেও, রাজনৈতিক দলে দায়িত্বশীলদের শঠতা, দ্বিচারিতা ও বিভ্রান্তিকর সিদ্ধান্তে জনগণ ও দলের নেতাকর্মীরা হতাশ ও প্রতারিত হয়েছেন। তিনি অভিযোগ করেন, সারাদেশে ৩৩২টি থানায় কমিটি গঠন করা হলেও এনসিপি তরুণদের ক্ষমতায়ন করতে ব্যর্থ হয়েছে এবং স্থানীয় পর্যায়ে প্রার্থী মনোনয়ন ও সংগঠন বিস্তারে বাধা সৃষ্টি হয়েছে।

বান্দরবান প্রসঙ্গে এরফানুল হক বলেন, পার্বত্য বান্দরবানের জনগণের আত্মসম্মান ও মর্যাদায় আঘাত করেছে এনসিপি। এমন একজন ব্যক্তিকে জোটের প্রার্থী করা হয়েছে, যিনি পাহাড়ের সংগ্রাম ও স্থানীয় সমস্যার সঙ্গে সম্পৃক্ত নন, যা স্থানীয় জনগোষ্ঠীর জন্য অপমানজনক। এছাড়া নির্বাচনের পর মাঠপর্যায়ের নেতাকর্মীদের একাকী ফেলে যাওয়ার আশঙ্কাও রয়েছে।

নিজের রাজনৈতিক অতীত তুলে ধরে তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র থাকাকালীন স্ট্যাবলিশমেন্টবিরোধী আন্দোলন, পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদ, ২০১৮ সালের কোটা আন্দোলন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান, শ্রমিক আন্দোলনে সংহতি প্রদর্শন—এগুলো তার রাজনৈতিক দায়বদ্ধতার প্রমাণ। তিনি স্কলারশিপসহ যুক্তরাষ্ট্রের মেমফিস বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সুযোগ এবং একটি ভালো চাকরি ত্যাগ করে এনসিপিকে বাংলাদেশপন্থি বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে গড়ে তোলার চেষ্টা করেছিলেন। তবে, এনসিপি তার মতো তরুণদের স্বপ্ন ভেঙে দিয়েছে বলে মন্তব্য করেন তিনি।

ঘোষণার শেষ অংশে তিনি বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জনাব তারেক রহমানের নতুন রাজনৈতিক উদ্যোগ তরুণদের জন্য আশার জায়গা হতে পারে। তারেক রহমানের তৃণমূলমুখী রাজনীতি ও স্বাভাবিক জীবনযাপন ইতিবাচক বার্তা দিচ্ছে। তিনি আসন্ন নির্বাচনে জনাব তারেক রহমান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতি আনুষ্ঠানিক সমর্থন ঘোষণা করেন। একই সঙ্গে বান্দরবানবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, সাচিং প্রু জেরীকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন। নিজেও তিনি সাচিং প্রু জেরীকেই ভোট দেবেন বলে জানান।

ক্যাটাগরি