শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

লোহাগাড়া মা–মনি হাসপাতালকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচার: কর্তৃপক্ষের তীব্র নিন্দা ও সতর্কবার্তা

যাঁদের নাম জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে

প্রতিষ্ঠাতা পরিচালক: এম. এ. কাশেম

চেয়ারম্যান ও চট্টগ্রাম মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান: ডা. আনোয়ারুল হক

সাবেক ম্যানেজিং ডিরেক্টর ও বর্তমান ভাইস চেয়ারম্যান: ডা. অলক বাহাদুর নেওয়ার

লোহাগাড়া মা–মনি হাসপাতাল ( লিঃ) এবং এর প্রতিষ্ঠাতা ও পরিচালকদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর গুজব ছড়ানোর অভিযোগ উঠেছে। হাসপাতাল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট সচেতন মহল এ ধরনের অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়ে গুজব রটনাকারীদের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, একটি স্বার্থান্বেষী ও অসাধু চক্র ফেসবুকে ভুয়া (ফেক) আইডি ব্যবহার করে লোহাগাড়া মা–মনি হাসপাতাল লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান ও চট্টগ্রাম মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ডা. আনোয়ারুল হক, হাসপাতালের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও বর্তমান ভাইস চেয়ারম্যান ডা. অলক বাহাদুর নেওয়ার এবং প্রতিষ্ঠাতা পরিচালক এম. এ. কাশেমকে জড়িয়ে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য প্রচার করছে।

অভিযোগে আরও বলা হয়, সাতকানিয়া ও লোহাগাড়া ছাড়াও সারাদেশের চিকিৎসা অঙ্গনে সুপরিচিত মানবিক চিকিৎসক ডা. আনোয়ারুল হক এবং হযরত খাদিজাতুল কোবরা (রাঃ) এতিমখানা ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা, পাশাপাশি লোহাগাড়া মা–মনি হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক এম. এ. কাশেমকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্দেশ্যমূলক অপপ্রচার চালানো হচ্ছে। এসব তথ্যের পেছনে কোনো ধরনের সত্যতা বা যাচাইযোগ্য প্রমাণ নেই বলে সংশ্লিষ্টরা দাবি করেছেন।

স্থানীয় সচেতন মহলের মতে, ডা. আনোয়ারুল হক দীর্ঘদিন ধরে গরিব ও অসহায় মানুষের চিকিৎসাসেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। অপরদিকে এম. এ. কাশেম স্বাস্থ্যসেবা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে লোহাগাড়া এলাকায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তাঁদের এই সামাজিক গ্রহণযোগ্যতা ও ইতিবাচক ভূমিকাকে কেন্দ্র করেই একটি মহল ঈর্ষান্বিত হয়ে পরিকল্পিতভাবে গুজব ছড়াচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে সচেতন মহলের পক্ষ থেকে বলা হয়েছে, যদি কারও কাছে কোনো বাস্তব ও সত্য অভিযোগ থাকে, তবে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব বা অপপ্রচার না ছড়িয়ে আইনানুগ পদ্ধতিতে হাসপাতাল কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে উপস্থাপন করা উচিত।

সচেতন নাগরিকরা মনে করেন, এ ধরনের ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার শুধু ব্যক্তি বিশেষের সম্মানহানিই নয়, বরং সমাজে বিভ্রান্তি ও অস্থিরতা সৃষ্টি করে। তাই সবাইকে গুজব ও ভুয়া তথ্য থেকে সতর্ক থাকার পাশাপাশি দায়িত্বশীল ও সচেতন আচরণ করার আহ্বান জানানো হয়েছে।

অপপ্রচার কারীকে ধরিয়ে দিতে পারলে পুরষ্কৃত করা হবে 

লোহাগাড়া মা–মনি হাসপাতাল লিমিটেড আমিরাবাদ, লোহাগাড়া, চট্টগ্রাম

ক্যাটাগরি