শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয়

সিলিন্ডার গ্যাস: লুটপাটের লাইসেন্স কার হাতে?

আব্দুল আজিজ,সম্পাদক প্রকাশক, সিটিজি টাইমস

সিলিন্ডার গ্যাস আজ আর শুধু জ্বালানি নয়—এটি পরিণত হয়েছে এক শ্রেণির অসাধু ব্যবসায়ীর অবাধ লুটপাটের হাতিয়ারে। দেশের লাখো পরিবারের রান্নাঘর, ক্ষুদ্র ব্যবসা ও হোটেল-রেস্তোরাঁগুলো যেই গ্যাসের ওপর নির্ভরশীল, সেই গ্যাস নিয়েই চলছে প্রকাশ্য নৈরাজ্য। প্রশ্ন হলো—এই নৈরাজ্যের দায় কার?

সরকার মূল্য নির্ধারণ করে দিলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। বাস্তবতা হলো, নির্ধারিত দামের কোনো তোয়াক্কাই করছে না অনেক ডিলার ও খুচরা বিক্রেতা। একেক এলাকায় একেক দাম, কোনো রসিদ নেই, নেই জবাবদিহি। ভোক্তা বাধ্য—কারণ বিকল্প নেই। এই সুযোগটাকেই পুঁজি করে দিনের পর দিন খোলা বাজারে ডাকাতি চলছে।

সবচেয়ে ভয়াবহ অভিযোগ হচ্ছে ওজনে কারচুপি। নির্ধারিত ওজনের সিলিন্ডার কিনে মানুষ পাচ্ছে কম গ্যাস। প্রশ্ন জাগে—এই প্রতারণা কি প্রশাসনের অজানা? নাকি দেখেও না দেখার ভান করা হচ্ছে? সাধারণ মানুষ কি শুধু ঠকবার জন্যই বাজারে যাবে?

এরপর আসে নিরাপত্তা ঝুঁকি। মেয়াদোত্তীর্ণ, মরিচা ধরা, ঝুঁকিপূর্ণ সিলিন্ডার অবাধে বিক্রি হচ্ছে। মাঝেমধ্যে বিস্ফোরণ ঘটে, প্রাণ যায়, ঘর পুড়ে ছাই হয়—তারপর শুরু হয় দায় এড়ানোর পালা। কয়েকদিন আলোচনার পর সব আবার আগের মতোই চলতে থাকে। মানুষের জীবন কি এতটাই সস্তা?

সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, যেসব সংস্থার দায়িত্ব এই খাত তদারক করা—তাদের উপস্থিতি কাগজে-কলমে সীমাবদ্ধ। বিস্ফোরক অধিদপ্তর, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জ্বালানি খাতের নিয়ন্ত্রকরা কি কেবল দর্শকের ভূমিকায়? নাকি এই অনিয়মের পেছনে অদৃশ্য কোনো ছত্রচ্ছায়া রয়েছে—সে প্রশ্নও আজ জনমনে ঘুরপাক খাচ্ছে।

আমরা স্পষ্টভাবে বলতে চাই—সিলিন্ডার গ্যাস নিয়ে এই নৈরাজ্য আর সহ্য করা হবে না। অবিলম্বে

বাজারে যৌথ অভিযান,প্রতিটি সিলিন্ডারের ওজন ও মান যাচাই,

নির্ধারিত মূল্যের বাইরে বিক্রির বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি,

এবং ঝুঁকিপূর্ণ সিলিন্ডার বাজার থেকে স্থায়ীভাবে অপসারণ

নিশ্চিত করতে হবে।

এটি শুধু ভোক্তা অধিকার নয়—এটি জীবন-মরণের প্রশ্ন। সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি এখনই কঠোর না হয়, তাহলে মানুষ ধরে নেবে—এই লুটপাট রাষ্ট্রের নীরব সম্মতিতেই চলছে।

সিলিন্ডার গ্যাসে আগুন নয়—আগুন জ্বলছে মানুষের ক্ষোভে।

এ ক্ষোভ উপেক্ষা করলে তার দায় এড়ানো যাবে না।

ক্যাটাগরি