ফটিকছড়িতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, গ্রেপ্তার ৬
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের টানা অভিযানে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ রায়হান আলম ওরফে শুটার রায়হানের ব্যবহৃত পিস্তলসহ দুটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে তার পরিচালিত একটি গোপন অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। কারখানাটি থেকে বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ ঘটনায় রায়হানের আশ্রয়দাতা ও তার পিস্তল জিম্মায় রাখা ব্যক্তিসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) ও বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পুলিশের টানা অভিযানে ভূজপুরের হাজিরখিল ও সুয়াবিল এলাকা থেকে এসব অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার এবং ছয়জনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার (২৩ নভেম্বর) রাত আটটার দিকে ফটিকছড়ির সুয়াবিল ইউনিয়নের চুঁরখারহাট বাজারে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলযোগে যাওয়ার সময় স্থানীয় লোকজনের বাধার মুখে পড়েন রায়হান ও তার সহযোগীরা। এ সময় অটোরিকশা থেকে এলোপাতাড়ি গুলি ছুড়লে ছয়জন পথচারী গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরে স্থানীয় লোকজন ধাওয়া দিলে রায়হান পালিয়ে যান। তবে একটি অটোরিকশা ও এর চালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন তারা।
এ ঘটনার পর রায়হানকে গ্রেপ্তারে সুয়াবিল ও আশপাশের এলাকায় সাঁড়াশি অভিযান শুরু করে পুলিশ। অভিযানের একপর্যায়ে অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ হ্যান্ডমাইক ও মসজিদের মাইকে ঘোষণা দিয়ে স্থানীয় লোকজনের কাছে রায়হানের অবস্থান সম্পর্কে তথ্য চান। তাকে ধরিয়ে দিতে সহযোগিতার আহ্বানও জানান তিনি।
পরদিন মঙ্গলবার (২৪ নভেম্বর) নিজের ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে চুঁরখারহাট বাজারে গুলি চালানোর ঘটনার দায় স্বীকার করেন রায়হান। তবে আত্মরক্ষার্থে গুলি চালিয়েছেন বলে দাবি করেন তিনি। বুধবার (২৫ নভেম্বর) অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজের সঙ্গে ফোনালাপের একটি অডিও ফেসবুকে প্রকাশ করে আত্মসমর্পণের ইঙ্গিত দেন রায়হান।
এরপর স্থানীয় লোকজনের দেওয়া তথ্যের ভিত্তিতে ভূজপুরের হাজিরখিল এলাকায় রায়হানের পরিচালিত একটি গোপন অস্ত্র তৈরির কারখানার সন্ধান পায় পুলিশ। সেখান থেকে আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়। একই সঙ্গে সুয়াবিল এলাকায় অভিযান চালিয়ে রায়হানের পিস্তল জিম্মায় রাখা ব্যক্তি ও আশ্রয়দাতাসহ ছয়জনকে গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল জানিয়েছেন, উদ্ধার করা আগ্নেয়াস্ত্র, অস্ত্র তৈরির কারখানার সরঞ্জাম এবং গ্রেপ্তার ছয়জনের বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার সংবাদ সম্মেলন করবেন।