চট্টগ্রামে এমপি সাঈদ আল নোমানের গাড়ি লক্ষ্য করে কাঠের টুকরো নিক্ষেপ
চট্টগ্রাম-১০ (পাঁচলাইশ, ডবলমুরিং, পাহাড়তলী) আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমানের গাড়ি লক্ষ্য করে কাঠের টুকরো নিক্ষেপের ঘটনা ঘটেছে।
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম নগরের হালিশহর বিডিআর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। কাঠের টুকরোটি অল্পের জন্য তার মাথায় লাগেনি। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
জানা গেছে, বিডিআর মাঠে ফুটবল খেলা নিয়ে দুই দলের মধ্যে উত্তেজনা ও বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে আয়োজক কমিটি খেলা বন্ধ ঘোষণা করে। পরে সংসদ সদস্য মাঠ থেকে চলে যাওয়ার সময় তার গাড়িতে কাঠের একটি টুকরো এসে লাগে। ঘটনাটি পরিকল্পিত হামলা হতে পারে বলে সন্দেহ করছেন সংসদ সদস্যের গাড়িবহরে থাকা ব্যক্তিরা।
সংসদ সদস্যের গাড়িবহরে থাকা চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান মিঠু বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে সংসদ সদস্য সাঈদ আল নোমান বিডিআর মাঠে যান। সেখানে খেলা চলাকালে ফাউল নিয়ে দুই দলের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতির কারণে আয়োজক কমিটি খেলা স্থগিত ঘোষণা করে। পরে কমিটির লোকজনের কাছ থেকে বিদায় নিয়ে সংসদ সদস্য চলে আসার সময় তার গাড়িতে কাঠের একটি টুকরো এসে পড়ে। ১৫ বছরের একটি ছেলে এটি ছুড়ে মারে। অল্পের জন্য সেটি এমপির মাথায় লাগেনি।
আরিফুর রহমান মিঠু আরও বলেন, ঘটনাটিকে তারা হালকাভাবে নিচ্ছেন না। এটি কোনো পরিকল্পনার অংশও হতে পারে। কারণ, একদিন আগে মঙ্গলবার দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সংসদ সদস্য চট্টগ্রামে বড় শোডাউন করেছেন। সেটির কারণে এ ঘটনা ঘটতে পারে বলে তারা ধারণা করছেন। তবে ঘটনাটি তদন্তাধীন। পুলিশ তদন্ত করে প্রকৃত ঘটনা বের করবে।
হালিশহর থানার উপপরিদর্শক (এসআই) মো. মঞ্জু বলেন, সংসদ সদস্য বিডিআর মাঠে একটি খেলা দেখতে গিয়েছিলেন। এ সময় তার গাড়িতে কাঠের একটি টুকরো এসে লাগে। প্রাথমিক তদন্তে একটি শিশু টুকরোটি ছুড়েছে বলে জানা গেছে। বিষয়টি আরও তদন্ত করে দেখা হচ্ছে।