শুক্রবার, ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সারা দেশ

চিৎমরম ঘাটে নতুন স্বপ্ন, আধুনিক লিফট ঘাট নির্মাণের প্রস্তাব—পরিদর্শনে পার্বত্য মন্ত্রী

রাঙামাটির কাপ্তাই উপজেলার ঐতিহ্যবাহী চিৎমরম বৌদ্ধ বিহার ঘাট পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সাচিং প্রু এমপি। দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ লাঘবে ঘাটটির আধুনিকায়ন ও উন্নয়ন নিয়ে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেছেন তিনি।

বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৪টায় চিৎমরম বৌদ্ধ বিহার ঘাট এলাকায় গিয়ে ঘাটের বর্তমান অবস্থা, উন্নয়ন সম্ভাবনা ও সংস্কারের প্রয়োজনীয়তা সরেজমিনে পরিদর্শন করেন মন্ত্রী।

পরিদর্শনকালে স্থানীয়দের সঙ্গে কথা বলার সময় মন্ত্রী বলেন, সুষ্ঠু পরিকল্পনা ছাড়া কোনো উন্নয়নকাজ করা হলে নদীর স্বাভাবিক গতিপথ পরিবর্তন কিংবা পানিপ্রবাহে বিঘ্ন ঘটতে পারে। তাই নদী ও পরিবেশের ভারসাম্য অক্ষুণ্ন রেখে ঘাটের উন্নয়ন করতে হবে। আধুনিক ঘাট নির্মাণ করা গেলে সর্বসাধারণের চলাচল আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে বলেও তিনি জানান।

এ সময় উপস্থিত ছিলেন রাঙামাটি-২৯৯ আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান এমপি, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হানুল ইসলাম, জেলা পরিষদ সদস্য উথায়োই মং মারমা, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সাধারণ সম্পাদক ইয়াসিন মামুন এবং সংসদ সদস্যের প্রতিনিধি মংসুই প্রু।
চিৎমরম ৩২৬ মৌজা পেকুয়া হেড ম্যান সানুচিং মারমা উন্নয়নের জন্য আবেদন দেন এবং ফুলি বরণ করে নেন মাননীয় মন্ত্রীকে

এছাড়াও স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, বিএনপি ও সহযোগী সংগঠনের জেলা-উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় হেডম্যান, কার্বারী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে আর্কসেল বিডির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) স্থপতি কামনাশীষ বড়ুয়া ঘাটের প্রস্তাবিত উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে মন্ত্রী ও উপস্থিত অতিথিদের ব্রিফিং করেন।

তিনি নদীভাঙন ও বিদ্যমান অবকাঠামোর ক্ষতি এড়িয়ে অত্যাধুনিক একমুখী নান্দনিক লিফট সিস্টেমের মাধ্যমে ঘাট নির্মাণের প্রস্তাব তুলে ধরেন। প্রস্তাবিত এ আধুনিক ঘাট নির্মিত হলে চিৎমরম বৌদ্ধ বিহারে আগত দর্শনার্থী, পুণ্যার্থী ও স্থানীয় বাসিন্দাদের নদী পারাপার আরও সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে বলে জানান তিনি।

বিশেষ করে জোয়ার-ভাটার সময় নদী পারাপারে স্থানীয়দের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে আধুনিক এ ঘাট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

স্থানীয়দের প্রত্যাশা, নদীর স্বাভাবিক প্রবাহ ও পরিবেশের ভারসাম্য রক্ষা করে চিৎমরম ঘাটের আধুনিকায়ন করা হলে দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগের অবসানের পাশাপাশি চিৎমরম বৌদ্ধ বিহারে আগত পুণ্যার্থী ও পর্যটকদের জন্যও সৃষ্টি হবে নিরাপদ ও আধুনিক যোগাযোগব্যবস্থা।

ক্যাটাগরি