বান্দরবানে খেলোয়াড় তৈরিতে প্রশিক্ষণকে অগ্রাধিকার দেবে জেলা পরিষদ
বান্দরবানের ক্রীড়াঙ্গনের উন্নয়ন, প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশ এবং প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণে বিশেষ উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছেন জেলা পরিষদ সদস্য ও ক্রীড়া বিষয়ক কনভেনিং কমিটির কনভেনর কাজী নিরুতাজ বেগম।
বুধবার (১৮ নভেম্বর) বান্দরবান জেলা ক্রীড়া অফিস পরিদর্শনকালে তিনি এসব পরিকল্পনার কথা জানান। পরিদর্শন শেষে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অংশগ্রহণে আয়োজিত আনন্দ উৎসবে যোগ দেন তিনি এবং ২০ শিশুর হাতে পুরস্কার তুলে দেন।
জেলা ক্রীড়া অফিসার মো. রেজাউল করিমের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার সাবেক কোষাধ্যক্ষ মংসিং প্রু নজি, কারাতে প্রশিক্ষক উ ক্য হ্লা, ক্রীড়া সংগঠক মাহফুজুর রশিদ বাচ্চু, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক একিনু মারমাসহ স্থানীয় ক্রীড়া সংগঠক, সাংবাদিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
পরিদর্শনকালে কাজী নিরুতাজ বেগম জেলা ক্রীড়া অফিসের সার্বিক কার্যক্রমে জেলা পরিষদের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। তিনি বলেন, শুধু প্রতিযোগিতা আয়োজনের মধ্যে সীমাবদ্ধ না থেকে খেলোয়াড় তৈরির জন্য নিয়মিত ও মানসম্মত প্রশিক্ষণ কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হবে। জেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের পাশাপাশি প্রশিক্ষণ কার্যক্রম আরও গতিশীল করা হবে।
এছাড়া বান্দরবানের ক্রীড়াঙ্গনের সম্ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে স্পোর্টস কনফারেন্স আয়োজনের উদ্যোগ নেওয়া হবে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কৃতিত্ব অর্জনকারী স্থানীয় খেলোয়াড়দের উৎসাহিত করতে প্রণোদনা, সংবর্ধনা ও সম্মাননা প্রদানের পরিকল্পনার কথাও জানান তিনি।
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে আয়োজিত আনন্দ উৎসবে অংশ নিয়ে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে তিনি শিশুদের পাশে থাকার এবং তাদের সৃজনশীলতা ও প্রতিভা বিকাশে উৎসাহ প্রদানের বার্তা দেন।