রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষা

রাঙামাটিতে নুরানী প্রদর্শনী, সম্মাননা পেল পরীক্ষার্থীরা।

শিক্ষার্থীদের মেধা, প্রতিভা ও নুরানী শিক্ষার অগ্রগতি তুলে ধরতে রাঙামাটি দারুল উলুম মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে বার্ষিক নুরানী প্রদর্শনী-২০২৬ ও অভিভাবক সমাবেশ। এতে শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো মাদ্রাসা প্রাঙ্গণ।

শনিবার (১৪ নভেম্বর) সকাল ৯টা থেকে মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রদর্শনীতে শিক্ষার্থীরা তাদের অর্জিত জ্ঞান, পাঠদানের দক্ষতা এবং নুরানী শিক্ষার বিভিন্ন বিষয় উপস্থাপন করে। এর মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষাগত অগ্রগতি, মেধা ও সৃজনশীল প্রতিভার বিকাশের চিত্র অভিভাবকদের সামনে তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু। বিশেষ অতিথি ছিলেন নূরানী তালীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মাওলানা জমির উদ্দিন এবং পুস্তক সম্পাদক মাওলানা মীর আনিস।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি দারুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও অধ্যক্ষ মাওলানা শরিয়ত উল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মুহাম্মদ আবু তাহের মুস্তাকিম।

প্রধান অতিথির বক্তব্যে দীপন তালুকদার দীপু বলেন, শিশুদের ধর্মীয় ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে রাঙামাটি দারুল উলুম মাদ্রাসার মতো শিক্ষাপ্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং মাদ্রাসার উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।

এদিকে অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শিক্ষার্থীদের পরিবেশনায় নুরানী শিক্ষার বিভিন্ন বিষয়ভিত্তিক প্রদর্শনী। পাশাপাশি তৃতীয় শ্রেণির বোর্ড পরীক্ষার্থীদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়। শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত করতেই এ সম্মাননার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় শিক্ষার্থীদের ধর্মীয় ও নৈতিক শিক্ষার পাশাপাশি মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

ক্যাটাগরি