ভাইকে না পেয়ে বড় ভাইকে তাড়া করে ছুরিকাঘাত
নিজস্ব প্রতিবেদক
ফেসবুকে একটি ভিডিও আপলোড করাকে কেন্দ্র করে বিরোধের জেরে চট্টগ্রামের রাউজানে এক দোকানিকে প্রকাশ্যে তাড়া করে উপর্যুপরি ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। অভিযুক্ত যুবক প্রথমে ওই দোকানির ছোট ভাইকে খুঁজতে তার দোকানে যান। তাকে না পেয়ে বড় ভাইকে একের পর এক দোকানে তাড়া করে ছুরিকাঘাত করেন। এ সময় প্রাণভিক্ষা চেয়েও রেহাই পাননি ওই দোকানি।
শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পথেরহাট বাজারের আমির মার্কেটে এ ঘটনা ঘটে।
আহত দোকানির নাম মুহাম্মদ মুরাদ (৩৫)। বিপণিবিতানটিতে তার কাপড়ের দোকান রয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার চিকিৎসা চলছে। মুরাদের বাড়ি নোয়াপাড়া ইউনিয়নের পটিয়াপাড়া গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুরাদের ছোট ভাই মোহাম্মদ মানিকের (২৬) সঙ্গে একই গ্রামের মুহাম্মদ সাব্বিরের (৩২) বিরোধ চলছিল। সম্প্রতি সাব্বিরকে নিয়ে ফেসবুকে একটি ভিডিও আপলোড করেন মানিক। শনিবার সন্ধ্যায় এ ভিডিওর বিষয় নিয়ে মুরাদের দোকানে মানিক ও সাব্বিরের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মানিক পাথর দিয়ে সাব্বিরের মাথায় আঘাত করে সেখান থেকে চলে যান।
এর কিছুক্ষণ পর একটি ছুরি ও লোহার পাত নিয়ে মুরাদের দোকানে ফিরে আসেন সাব্বির। তিনি মুরাদের কাছে তার ভাই মানিক কোথায় জানতে চান। একপর্যায়ে হামলার জন্য উদ্যত হলে মুরাদ দোকান থেকে বের হয়ে পাশের একটি দোকানে আশ্রয় নেন। কিন্তু সাব্বির তাকে ধাওয়া করেন। প্রাণ বাঁচাতে মুরাদ একের পর এক দোকানে আশ্রয় নেওয়ার চেষ্টা করলেও তাকে পিছু ছাড়েননি সাব্বির। একপর্যায়ে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। এতে মুরাদ মাটিতে লুটিয়ে পড়েন। পরে ঘটনাস্থল থেকে চলে যান সাব্বির।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, সাব্বির মুরাদকে ছুরিকাঘাত করতে করতে বলছেন, ‘তোর ভাই ভিডিও ডিলিট করবে কি না বল, নইলে মেরে ফেলব।’ এ সময় মুরাদ তাকে প্রাণে না মারার আকুতি জানিয়ে বলেন, ‘তুই আমার বাপ, আমাকে আর মারিস না। আমি আমার ভাইকে বলব, ভিডিও ডিলিট করে দিতে। ওকে বিদেশে পাঠিয়ে দেব। আমাকে প্রাণে বাঁচতে দে।’
মুরাদের চাচা এ টি এম নাসিম উদ্দিন জানান, পরিবারের কিছু বিষয় নিয়ে মানিকের সঙ্গে সাব্বিরের বিরোধ তৈরি হয়। ফেসবুকে একটি ভিডিও ছড়ানোকে কেন্দ্র করে সাব্বির মানিকের ওপর ক্ষুব্ধ হন। ওই ক্ষোভ থেকেই তিনি মানিককে মারতে গিয়েছিলেন। পরে মুরাদকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যান।
নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, অভিযুক্ত একটি মারামারির মামলায় কারাগারে ছিলেন। সপ্তাহখানেক আগে জামিনে মুক্তি পেয়ে তিনি আবার এ ঘটনায় জড়িয়েছেন। ঘটনার পর থেকে তিনি পলাতক।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘ফেসবুকে ভিডিও আপলোডকে কেন্দ্র করে মুরাদের ছোট ভাই মানিকের সঙ্গে সাব্বিরের বিরোধ ছিল। এর জেরেই এ ঘটনা ঘটেছে। ভুক্তভোগী দোকানি চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকায় তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি তবে অভিযুক্ত বর্তমানে পলাতক রয়েছে। তাকে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।’