টাঙ্গাইলে মহাসড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ
বেতন বাড়ানো দাবিতে টাঙ্গাইলের সফিপুরে পোশাকশ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ, বিজিবি ও শিল্প পুলিশের সদস্যরা কাজ করছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে শ্রমিকেরা কারখানার কাজ বন্ধ করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন। এতে মহাসড়কের সফিপুর অংশ থেকে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন ওই সড়কে চলাচলকারী যাত্রী ও পরিবহনচালকেরা।
গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন গণমাধ্যমকে বলেছেন, বিক্ষুব্ধ শ্রমিকেরা কর্মস্থল থেকে বের হয়ে সড়ক অবরোধ করেছেন। তাদের সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন।